২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে দুই দুর্ঘটনায় নিহত ৪

মুন্সীগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও অন্তত ২৯ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2014, 06:23 PM

Updated : 22 Aug 2022, 07:24 PM

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. সাইফুল ইসলাম জানান, রোববার দুপুরে গজারিয়া উপজেলার তেঁতুইতলায় কুমিল্লাগামী হোমনা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রো বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও অন্তত চারজন আহত হন।

তিনি জানান, তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সার্জেন্ট সাইফুল আরো জানান, শনিবার রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মধ্যম ফরাজিকান্দিতে যাত্রীবাহী বাস খালে পড়ে দুইজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা থেকে চট্টগ্রামগামী শাওন এন্টারপ্রাইজের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালের পানিতে পড়ে যায়। ভোরে  রেকার দিয়ে বাসটি টেনে উঠানো হয়।

ঘটনাস্থলেই মাসুদ রানা (১৮) নামে এক যাত্রী এবং ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় খাদেম আলী (২৩) নামের অপর যাত্রীর মৃত্যু হয়। 

আহতদের ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের নাম জানা যায়নি।