ফিটনেসহীন গাড়ি-সনদবিহীন চালক ধরতে অভিযান হবে
ফিটনেসবিহীন গাড়ি ও সনদহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আগামী ১০ নভেম্বর থেকে দেশজুড়ে অভিযান পরিচালনা করবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
ফাইল ছবি
রোববার বিআরটিএর প্রধান কার্যালয়ে সড়ক নিরাপত্তা, সড়ক পরিবহন ও বিআরটিএর সার্বিক কার্যক্রম বিষয়ক এক সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত হয়।
সভা শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “সারাদেশে বিআরটিএর অফিস চত্বর থেকে দালাল প্রতিরোধ কার্যক্রমের আওতায় ইতোমধ্যে বেশ কিছু দালাল ও প্রতারককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও বিভিন্ন পরিমাণে অর্থদণ্ড দেয়া হয়েছে।”
তিনি বলেন, “ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে আগামী ১০ নভেম্বর থেকে দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করা হবে।”
সভায় জানানো হয়, বিদ্যমান মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর পরিবর্তে যুগোপযোগী সড়ক পরিবহন আইন ২০১৪ প্রণয়ন করা হচ্ছে। আইনের খসড়াটি আগামী তিন মাসের মধ্যে মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য পাঠানো হবে।
এর আগে মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সভায় আরও পরীক্ষা-নিরীক্ষা করে আন্তঃমন্ত্রণালয় সভা এবং অংশীদারদের সাথে আলোচনা করা হবে।
প্রস্তাবিত খসড়ায় আইন লংঘনে সড়ক পরিবহন সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানা ও শাস্তি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
সভায় জানানো হয়, নাটোরের বড়াইগ্রামে সম্প্রতি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পর গত ২৩ অক্টোবর কল্যাণপুরে কেয়া পরিবহনের বাস ডিপোতে বিআরটিএ বিশেষ অভিযান চালায়। এতে কেয়া পরিবহনের ১৫টি ফিটনেসবিহীন গাড়ির জন্য প্রায় এক লাখ টাকা জরিমানা করা হয়।
কেয়া পরিবহনের নির্বাহীকে দুই মাসের কারাদণ্ড এবং সাত হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
ওই দুর্ঘটনার জন্য হানিফ পরিবহনের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সভায় জানানো হয়েছে।
বর্তমানে রেজিস্ট্রেশনকৃত যানবাহনের সংখ্যা প্রায় ২১ লাখ। এর মধ্যে মোটর সাইকেল প্রায় ১১ লাখ এবং বাস, মিনিবাস, ট্রাকসহ অন্যান্য পরিবহনের সংখ্যা প্রায় ১০ লাখ।
বিআরটিএ থেকে দেয়া ড্রাইভিং লাইসেন্সের সংখ্যা ১৪ লাখ ৩১ হাজার।
বিআরটিএর হিসেব অনুযায়ী বর্তমানে ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা প্রায় তিন লাখ।
সভায় বিআরটিএর চেয়ারম্যান মো. নজরুল ইসলামসহ মন্ত্রণালয় ও বিআরটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
