স্বামী হত্যার পেছনে ‘মারধর, বঞ্চনা’
নিখোঁজের ১০ দিন পর চট্টগ্রামের রাউজানে ঘরের মেঝে খুঁড়ে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করে তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পারিবারিক কলহের জের ধরেই কোরবানীর ঈদের রাতে ঘুমন্ত স্বামীকে বটি দিয়ে হত্যা করে ঘরের মেঝেতে লাশ পুঁতে রাখেন বলে পুলিশকে জানিয়েছেন শাহনাজ।
রাউজান থানার ওসি প্রদীপ দাশ জানান, নয় দিন ধরে দুদু মিয়ার কোনো খোঁজ না পেয়ে তার এক বোন বুধবার রাতে শাহনাজকে জিজ্ঞাসাবাদ করেন। তার অসংলগ্ন কথায় সন্দেহ হওয়ায় শেষ পর্যন্ত পুলিশে খবর দেন তিনি।
“ভোরে বিষয়টি থানায় জানালে পুলিশ ঘরের মেঝে খুঁড়ে তার লাশ উদ্ধার করে।”
৩২ বয়সী দুদু অটোরিকশা চালাতেন। স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে তিনি থাকতেন রাউজানের চিকদাইর ইউনিয়নের উত্তর সত্তা গ্রামে।
রাউজানের ওসি বলেন, কোরবানীর ঈদের দিনও স্ত্রীর সঙ্গে দুদু মিয়ার ঝগড়া হয়। সে সময় তিনি স্ত্রীকে মারধর করেন বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় দাবি করেছেন শাহনাজ।
“এরপর ক্রোধের বশে ঘুমন্ত দুদু মিয়াকে বটি দিয়ে জবাই করে ঘরের ভেতর লাশ পুঁতে রাখেন বলে শাহনাজ জানিয়েছেন।”
জিজ্ঞাসাবাদে শাহনাজ বলেছেন, তার স্বামী ঠিকমতো ভরণ পোষণ দিতেন না, এ নিয়ে প্রায়ই ঝগড়া হতো।
“শাহনাজের সন্দেহ, দুদু মিয়া অন্য কোনো নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছিলেন। এ কারণেই ভরণ পোষণ দিতেন না, মারধর করতেন।”
এ ঘটনায় শাহনাজকে গ্রেপ্তারের পাশাপাশি ডাবলু নামে প্রতিবেশী এক কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানান ওসি।
