২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদিন ওয়ারড্রোবে স্বামীর লাশ রেখে থানায় ফোন

রাজধানীর কল্যাণপুরে হত্যার পর সারাদিন বাসার ওয়ারড্রোবে স্বামীর লাশ লুকিয়ে রেখে রাতে নিজেই থানায় ফোন করে ধরা দিয়েছেন এক গৃহবধূ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2014, 10:33 AM

Updated : 22 Aug 2022, 07:19 PM

স্বামী দ্বিতীয় বিয়ে করায় ক্ষুব্ধ হয়ে তাকে হত্যা করেছেন বলে পুলিশকে জানিয়েছেন এই নারী।

মিরপুর থানার ওসি সালাউদ্দিন আহমেদ জানান, বুধবার রাতে কল্যাণপুরের একটি বাসা থেকে সালাউদ্দিনের (৪৫) লাশ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তার স্ত্রী লাভনী আক্তারকে গ্রেপ্তার করা হয়।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সালাউদ্দিনের দ্বিতীয় বিয়ে নিয়ে বুধবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামীকে হত্যা করে বাসার ওয়ারড্রোবের মধ্যে লাশ লুকিয়ে রাখে লাভনী।”

বুধবার ভোরে ওই হত্যাকাণ্ড হলেও লাভনী রাত ৮টার দিকে থানায় ফোন দেন বলে জানান তিনি।

হত্যাকাণ্ডে লাভনীর বাবা-মা ও তার এক মামা জড়িত বলে সন্দেহ পুলিশের।

“একা লাভনীর পক্ষে তার স্বামীকে হত্যা করা সম্ভব নয়। স্বামী হত্যার দায় একার কাঁধে নিতেই লাভনী থানায় ফোন করে নিজে গ্রেপ্তার হন। তার ভাই ও বাবাকে গ্রেপ্তার করলে বিষয়টি পরিষ্কার হবে,” বলেন পুলিশ কর্মকর্তা সালাউদ্দিন।

তিনি বলেন, তাদের বাসার কোথাও রক্তের দাগ নেই। সব কিছু পরিষ্কার। বাসায় তাদের দুই ছেলে-মেয়ে থাকলেও কেউ কিছু জানে না।

মুরগী ব্যবসায়ী সালাউদ্দিনের গ্রামের বাড়ি শরীয়তপুরে। আর লাভনীর গ্রামের বাড়ি কুষ্টিয়ায়।

ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।