২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দর নিয়ে বৈঠকের দিন ঠিক করতে বললেন মহিউদ্দিন

চট্টগ্রাম বন্দর বিষয়ে বৈঠকের দিনক্ষণ নির্ধারণ করতে নৌমন্ত্রী শাজাহান ‍খানের প্রতি আহ্বান জানিয়েছেন বন্দর রক্ষা পরিষদের আহ্বায়ক ও নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2014, 07:46 PM

Updated : 22 Aug 2022, 07:19 PM

বৃহস্পতিবার বন্দর রক্ষা পরিষদের এক সভায় মহিউদ্দিন এ আহ্বান জানান।

সভায় উপস্থিত বন্দর ডক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল আহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নৌমন্ত্রী আলোচনার প্রস্তাব দিয়েছেন। বন্দর রক্ষা পরিষদের পক্ষ থেকে সেই প্রস্তাবকে স্বাগত জানানো হয়েছে।

“আজকের সভায় পরিষদের আহ্বায়ক মহিউদ্দিন চৌধুরী তাই বৈঠকের দিনক্ষণ নির্দিষ্ট করে দেয়ার জন্য নৌমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

আবদুল আহাদ বলেন, দুয়েক দিনের মধ্যে পরিষদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে আন্দোলন নিয়ে বিস্তারিত অবহিত করা হবে।

পরিষদের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় বক্তারা বন্দরের অবৈধ ঠিকাদার সাইফ পাওয়ার টেককে কালো তালিকাভুক্ত করা এবং জরিমানা আদায়ের দাবি ‍জানান।

গত ২০ সেপ্টেম্বর নগরীর চাক্তাই এলাকায় চট্টগ্রাম বন্দর আয়োজিত এক অনুষ্ঠানে মহিউদ্দিনকে উদ্দেশ্য করে নৌমন্ত্রী শাজাহান খান বলেন, “আসুন আমরা আন্দোলন না করে আলোচনা করি। রাস্তায় কিছু না বলে আলোচনায় আসুন।”

বন্দর রক্ষা পরিষদের আন্দোলন বিষয়ে শাজাহান খান বলেন,“যারা বন্দর রক্ষার নামে আন্দোলন করছেন তারাই বন্দর ‘অরক্ষা’ করছেন। এসবের কারণে বন্দরের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।”

পরেরদিন ২১ সেপ্টেম্বর সৌদি আরব থেকে পাঠানো এক বিবৃতিতে নৌমন্ত্রী শাজাহান খানের আলোচনার প্রস্তাবকে স্বাগত জানান মহিউদ্দিন চৌধুরী।

পাশাপশি বন্দর রক্ষার আন্দোলনকে ‘অরক্ষা’র আন্দোলন বলায় নৌমন্ত্রীর বক্তব্যকে ‘বিভ্রান্তিকর’ বলেও উল্লেখ করেন সাবেক এ মেয়র।

সৌদি আরব থেকে পাঠানো বিবৃতিতে হজ শেষে বৈঠক আয়োজন হলে ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে সমস্যা কোথায় এবং কারা বন্দর তথা সরকারি অর্থ লুটপাটে লিপ্ত তা চিহ্নিত করে সহযোগিতার আশ্বাস দেন মহিউদ্দিন।

গত কয়েক মাস ধরে বন্দরের সিসিটি, এনসিটি (আংশিক) ও আইসিডি পরিচালনাকারী বার্থ অপারেটর সাইফ পাওয়ার টেকের বিরুদ্ধে আন্দোলন করছে মহিউদ্দিনের নেতৃত্বে ‘বন্দর রক্ষা পরিষদ’।

সর্বশেষ গত ১০ সেপ্টেম্বর লালদীঘিতে পরিষদের জনসভায় বন্দর থেকে সাইফ পাওয়ার টেককে হঠাতে এক মাসের সময় বেঁধে দেন মহিউদ্দিন।

এরপর দিন ১১ সেপ্টেম্বর নৌ-পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটি সংবাদ সম্মেলনে মহিউদ্দিন চৌধুরী ‘ব্যক্তিস্বার্থে’ আন্দোলন করছেন বলে অভিযোগ করেন।

সর্বশেষ শনিবার চট্টগ্রামে এসে এ বিষয়ে মুখ খোলেন নৌমন্ত্রী শাজাহান খান।

টেন্ডার ছাড়া বন্দরের বার্থ পরিচালনার দায়িত্ব সাইফ পাওয়ার টেককে দেয়া, ঢাকা আইসিডিতে চুক্তির পরও ১৮ মাস ধরে সাইফ পাওয়ার টেকের কাজ না করা, আট বছর ধরে পূর্ণাঙ্গভাবে চালু না হওয়া এনসিটি সাইফ পাওয়ারকে দিয়ে ডিপিএম ভিত্তিতে চালানো, তিনটি পুরনো জাহাজ কেনায় দুর্নীতি, ক্যাপিটাল ড্রেজিং এর নামে ১৬৫ কোটি টাকা হাতিয়ে নেয়া, অনিয়মে সহযোগিতা না করায় বন্দরের ১৩ কর্মকর্তাকে বদলিসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে বন্দর রক্ষা পরিষদ আন্দোলন করছে।

বৃহস্পতিবার পরিষদের সভায় উপস্থিত ছিলেন পরিষদের সদস্য সচিব মাহফুজুর রহমান খান, বন্দর ডক শ্রমিক ইউনিয়নের সভাপতি ইসকান্দর মিয়া, স্টাফ ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আলমগীরসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।