লতিফকে গ্রেপ্তারে এবার ২২ অক্টোবর পর্যন্ত সময়
দাবি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার না হওয়ায় এবার তাকে গ্রেপ্তারে ২২ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে কয়েকটি ইসলামী দল।
বর্তমানে দেশের বাইরে থাকা এই আওয়ামী লীগ নেতাকে ইন্টারপোলের মাধ্যমে ওই সময়ের মধ্যে গ্রেপ্তার করা না হলে আগের ঘোষণা অনুযায়ী ২৬ অক্টোবর সারা দেশে হরতাল করার হুমকি দিয়েছে তারা।
সম্মিলিত ইসলামী জোটের মহাসচিব মোহাম্মদ জাফরউল্লাহ খান বৃহস্পতিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লতিফ সিদ্দিকীকে ১৫ অক্টোবরের মধ্যে গ্রেপ্তারের দাবি ছিল আমাদের। যেহেতু এখনো তিনি গ্রেপ্তার হননি, তাই ইন্টারপোলের মাধ্যমে হলেও ২২ তারিখের মধ্যে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি।
“এই সময়ের মধ্যে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করতে না পারলে আমাদের পূর্বঘোষিত ২৬ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল বহাল থাকবে।”
সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে সংবাদ সম্মেলন করেও একই ঘোষণা দিয়েছেন বলে জানান জাফরউল্লাহ।
সম্মিলিত ইসলামী জোটে ইসলামপন্থী ১৯টি সংগঠন রয়েছে বলে জানান তিনি।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে হজ নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য মন্ত্রিত্ব হারানো লতিফ সিদ্দিকী বর্তমানে ভারতের কলকাতায় অবস্থান করছেন।
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার এক মামলায় বুধবার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
গত ২৮ সেপ্টেম্বর নিউ ইয়র্কে ওই অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী বলেন, তিনি হজ ও তাবলিগ জামাতের ঘোর বিরোধী। এতে শ্রমশক্তি ও অর্থের অপচয় হয়।
তার ওই বক্তব্য ফেইসবুকসহ সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে আলোচনার ঝড় তোলে। বিএনপি ও হেফাজতে ইসলামসহ কয়েকটি রাজনৈতিক ও ধর্মভিত্তিক সংগঠন এ নিয়ে আন্দোলনে নামার হুমকি দেয়।
এরপর বিভিন্ন জেলায় দুই ডজনের বেশি মামলা হয় লতিফের বিরুদ্ধে। এর ধারাবাহিকতায় গত ১২ অক্টোবর তাকে মন্ত্রিসভা থেকে অপসারণের প্রজ্ঞাপন জারি ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী থেকে অব্যাহতি দেওয়া হয়। দলে তার প্রাথমিক সদস্যপদ কেন বাতিল করা হবে না- তা জানতে চেয়েও কারণ দর্শানোর নোটিস পাঠিয়েছে আওয়ামী লীগ।
