২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে ছাত্রলীগের সংঘর্ষ, আহত ১৫

কিশোরগঞ্জে ছাত্রলীগের জেলা কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে সাতজন গুলিবিদ্ধ হয়েছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2014, 11:43 AM

Updated : 22 Aug 2022, 07:19 PM

কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, বুধবার রাত ৯টা থেকে শহরের স্টেশন রোড এলাকায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে প্রায় আড়াই ঘণ্টা ধরে এই সংঘর্ষ চলে।

কিশোরগঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসক অমিত কুমার রাজিব জানিয়েছেন, ছররা গুলিতে আহত সাতজনকে রাতে হাসপাতালে নিয়ে আসা হয়।

এরা হলেন- তুষার (২৫), রিপন (২৫), রনি (২৪), নোমান (২০), মুকুল (২০), রাজা (১৮) ও তারেক (২৭)। তারা সবাই ছাত্রলীগের কর্মী বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

গত ৪ সেপ্টেম্বর শফিকুল ঢালি লিমনকে সভাপতি ও আশরাফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে নতুন জেলা কমিটি গঠনের পর থেকে পদ বঞ্চিতদের মধ্যে উত্তেজনা চলছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বেশ কয়েকবার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

এর জের ধরে বুধবার রাতে দলীয় কার্যালয়ে দুই পক্ষের কর্মীদের মধ্যে কথা কাটাকটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই পক্ষের নেতা-কর্মীরা আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও লাঠি-সোটা নিয়ে পরষ্পরকে ধাওয়া করে। এ সময় গোলাগুলিও হয়।

পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়লে ব্যবসা প্রতিষ্ঠান ও যান চলাচল বন্ধ হয়ে যায়।

রাত সাড়ে ১১টা পর্যন্ত সংঘর্ষ অব্যাহত থাকে। এসময় বটতলা এলাকায় একটি ডায়াগনষ্টিক সেন্টারে ব্যাপক ভাংচুরও চালানো হয়।

পরে পুলিশ ও র‌্যাব সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে কিশোরগঞ্জ মডেল থানার ওসি জানান।

সংঘর্ষে জেলা ছাত্রলীগ সভাপতি শফিকুল ঢালি লিমন চোখের নিচে আঘাত পান। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।