আদালতে টাকা আটক: ১২ জন বদলি, তদন্ত কমিটি
চট্টগ্রাম আদালত ভবন এলাকা থেকে ৫৮ লাখ টাকাসহ এক যুবক গ্রেপ্তার হওয়ার পর জেলা প্রশাসনের এক কর্মীর দিকে অভিযোগের আঙুল ওঠার মধ্যেই ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার ১২ কর্মচারীকে বদলি করেছে কর্তৃপক্ষ।
অভিযোগ তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কমিটিও করা হয়েছে।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ বলেন, “অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হোসেন টাকা পাওয়ার ঘটনায় এলএ শাখার কর্মচারীদের সম্পৃক্ততার অভিযোগ তদন্ত করবেন।”
বোমা মেরে চট্টগ্রামের আদালত ভবন উড়িয়ে দেওয়ার হুমকি পেয়ে মঙ্গলবার ওই এলাকার নিরাপত্তা জোরদার করে পুলিশ। কোর্ট বিল্ডিং নামে পরিচিত এই ভবনেই চট্টগ্রামের জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কার্যালয়।
নিরাপত্তার অংশ হিসাবে আদালত ভবন এলাকায় আইনজীবীদের নতুন এনেক্স ভবনের সামনে তল্লাশির সময় মঙ্গলবার দুপুরে ৫৭ লাখ ৯৩ হাজার টাকাসহ গ্রেপ্তার হন মো. ইলিয়াস নামের এক যুবক।
ঘটনার পরপরই অভিযোগ ওঠে, ইলিয়াসের কাছ থেকে ওই টাকা গ্রহণ করার কথা ছিল জেলা প্রশাসনের এলএ শাখার সার্ভেয়ার শহীদুল ইসলাম মুরাদের।
আদালত ভবন এলাকায় দায়িত্ব পালনকারী এক পুলিশ কর্মকর্তা বলেন, ওই টাকা ‘ঘুষ হিসাবে’ চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের জমি অধিগ্রহণ শাখায় যাচ্ছিল বলে তারা শুনেছেন।
“ইলিয়াসের কাছ থেকে নাকি ওই টাকা নিয়ে যাওয়ার কথা ছিল মুরাদের। কিন্তু ইলিয়াসকে আটকের ঘটনা দেখার পর মুরাদ ঘটনাস্থল থেকে সটকে পড়ে।”
তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ ইলিয়াসের কাছ থেকে এ বিষয়ে কোনো তথ্য আদায় করতে পারেনি। টাকাগুলো কার কাছ থেকে কার কাছে যাচ্ছিল তারও কোনো কিনারা হয়নি বুধবার সন্ধ্যা পর্যন্ত।
বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দীর্ঘদিন ধরে ভূমি অধিগ্রহণ শাখায় যেসব কর্মচারী কাজ করছেন তাদের অনেকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাদের অন্যত্র বদলি করা হয়েছে। এর মধ্যে ১০ জন সার্ভেয়ার ও দুইজন কানুনগো রয়েছেন।”
অবশ্য টাকা উদ্ধার হওয়ার আগে মঙ্গলবার সকালেই শহীদুল ইসলাম মুরাদসহ তিনজনকে বদলি করা হয় বলে বিভাগীয় কমিশনারের দাবি।
তিনি বলেন, ওই শাখায় যারা দুই বছরের বেশি সময় ধরে আছেন- তাদের সবাইকেই পর্যায়ক্রমে বদলি করা হবে।
৫৮ লাখ টাকার উৎস ও গন্তব্য জানতে ইলিয়াসকে পাঁচ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছে পুলিশ। চট্টগ্রামের মহানগর হাকিম নওরীন আক্তার কাঁকন রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার দিন রেখে ইলিয়াসকে কারগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এ ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. কামরুজ্জামান জানান, ইলিয়াসের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায়, বাবার নাম মুজিবুর রহমান।
“ইলিয়াস দাবি করেছে, গত বৃহস্পতিবার সে রাগ করে বাড়ি থেকে চট্টগ্রাম চলে আসে। জিজ্ঞাসাবাদে একেক সময় একেক তথ্য দিয়ে সে বিভ্রান্ত করতে চেয়েছে।”
