সাংবাদিক ফওজুল করিমের মৃত্যু
প্রবীণ সাংবাদিক, ইতিহাস গবেষক ফওজুল করিম আর নেই।
বুধবার রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দৈনিক বাংলার এক সময়ের এই বার্তা সম্পাদক।
পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন ফওজুল করিম।
ফওজুল করিমের জন্ম ১৯৩০ সালের ২৭ নভেম্বর বগুড়ার গাবতলীর বাগবাড়ি গ্রামে।
১৯৫৫ সালে দৈনিক সংবাদে তার সাংবাদিকতার জীবন শুরু। এরপর তিনি দৈনিক পাকিস্তানে যোগ দেন এবং স্বাধীনতার পর দৈনিক বাংলার বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
সাংবাদিকদের কাছে ‘তারা ভাই’ নামে পরিচিত ফওজুল করিম বিলুপ্ত দৈনিক বাংলার বার্তা সম্পাদক ছিলেন দীর্ঘ সময়। পরে পত্রিকাটির নির্বাহী সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।
সংবাদপত্রের লে-আউট ডিজাইন বিষয়ে তার লেখা বই সাংবাদিকতার শিক্ষার্থীদের পড়ানো হয়।
গবেষক হিসেবে ইতিহাসের নানা বিষয় নিয়ে, বিশেষ করে ঢাকার ওপর তিনি গবেষণাধর্মী কাজ করেন।
জেমস ওয়াইজের পূর্ববঙ্গের বিভিন্ন জাতি ও পেশার বিবরণ সম্বলিত ৯টি গ্রন্থের অনুবাদকও তিনি।
ফওজুল করিম সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চাচাত ভাই ছিলেন।
জাতীয় প্রেসক্লাবের সদস্য ফওজুল করিমের মৃত্যুতে শোক জানিয়েছেন ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ।
