পাচারকালে পাঁচ শিশু-কিশোর উদ্ধার
বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে পাঁচ শিশু-কিশোরকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শিশু-কিশোরদের বেনাপোল বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবির টহলদল।
উদ্ধার পাঁচ জন হলো-বাগেরহাটের কোড়ামারা গ্রামের রিয়াজ (১৫), ইব্রাহিম(১৪), নাইম হোসেন(১৫), খুলনার পয়সারহাট গ্রামের তুহিন(১৩) এবং পিরোজপুরের শুকুর আলি মুন্সী (১৮)।
বিজিবি কর্মকর্তা সামছুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উদ্ধারকৃতদের মধ্যে রিয়াজ, ইব্রাহিম ও নাইম স্কুল ছাত্র এবং তুহিন ও শুকুর দোকানে কাজ করতো। বেড়ানোর কথা বলে পাচারকারীরা ওদের বেনাপোল সীমান্তে নিয়ে আসে।”
এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে বন্দর থানার পরিদর্শক (তদন্ত) অপূর্ব হাসান জানিয়েছেন।
