ব্লগার রাজীব হত্যার অভিযোগ গঠন ৩০ অক্টোবর
গণজাগরণ মঞ্চের কর্মী স্থপতি আহমেদ রাজীব হায়দার হত্যামামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাত ছাত্রসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আগামী ৩০ অক্টোবর ঠিক করেছে আদালত।
মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক মামলাটির অভিযোগপত্র আমলে নিয়ে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর জন্য ঢাকার চতুর্থ মহানগর দায়রা জজ আদালতে নথিপত্র পাঠিয়ে দেন।
এদিন কারাগারে থাকা সাত আসামিকে আদালতে নিয়ে আসা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান আদালতের পেশকার ইফতেখার হোসেন।
গত ২৮ জানুয়ারি এই সাতজনসহ পলাতক রেদোয়ানুল আজাদ রানার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক নিবারন চন্দ্র বর্মণ।
আসামিরা হলেন- ঢাকার খিলক্ষেত চৌধুরীপাড়ার মো. ফয়সাল বিন নাঈম দীপ (২২), ঝিনাইদহের মহেশপুর উপজেলার পোড়াপাড়া গ্রামের মো. এহসান রেজা রুম্মান (২৩), ঢাকার কেরানীগঞ্জ থানার ধলেশ্বর গ্রামের মাকসুদুল হাসান অনিক (২৩), ব্রাহ্মণবাড়িয়ার কলেজপাড়া এলাকার নাঈম ইরাদ (১৯), চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার হারামিয়া গ্রামের নাফিজ ইমতিয়াজ (২২), ঢাকার কলাবাগান থানার ভুতের গলির সাদমান ইয়াছির মাহমুদ (২০) ও ফেনীর দাগনভূঁইয়া উপজেলার জয়লস্করের রেদোয়ানুল আজাদ রানা (৩০) এবং আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসীম উদ্দিন রাহমানি।
রাজীব হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্র।
শাহবাগ আন্দোলন শুরুর ১০ দিনের মাথায় গত বছরের গত ১৫ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুরের কালসীতে বাসার সামনে কুপিয়ে হত্যা করা হয় রাজীবকে। পরে তার বাবা ডা. নাজিম উদ্দিন পল্লবী থানায় এ মামলাটি দায়ের করেন।
অনলাইনে লেখালেখির মাধ্যমে ধর্মীয় উগ্রবাদীদের মুখোশ উন্মোচনে সক্রিয় থাকায় রাজীবকে হত্যার পরিকল্পনা করা হয় বলে পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে। রাজীব ‘থাবা বাবা’ নামে ব্লগে লিখতেন।
রাজীব হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত বছরের ২ মার্চ নর্থ সাউথের পাঁচ ছাত্রকে গ্রেপ্তার করে পুলিশ।তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বছরের ১৪ অগাস্ট গ্রেপ্তার করা হয় ইয়াসিরকে। পরে গ্রেপ্তার জসীমকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
পলাতক রানার বিরুদ্ধে গত ১৮ ফেব্রুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। তার বিরুদ্ধে পত্রিকায় গণবিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।
