একরাম হত্যা: মুক্তি পাননি আওয়ামী লীগের কাউন্সিলর শিবলু
ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া আওয়ামী লীগের পৌর কাউন্সিলর আবদুল্লাহ হিল মাহমুদ শিবলু উচ্চ আদালত থেকে জামিন পেলেও কারাগার থেকে মুক্তি পাননি।
ফাইল ছবি
মঙ্গলবার শিবলুর জামিন সংক্রান্ত হাই কোটের আদেশের কপি ফেনী জেলা কারাগারে পৌঁছলেও জামিন আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে করা রাষ্ট্রপক্ষের আপিল অনিষ্পন্ন থাকায় মুক্তি হয়নি তার।
ফেনী কারাগারের তত্বাবধায়ক (জেল সুপার) মো. আনোয়ারুল করিম বলেন, “আবদুল্লাহ হিল মাহমুদ শিবলুর হাই কোটের জামিন আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সরকার পক্ষ থেকে একটি আপিল করা হয়েছে। আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে মুক্তি দেওয়া যাবে না।”
ফেনী জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোফিজুর রহমান ভূঞা জানান, গত ১ অক্টোবর বিচারপ্রতি সালমা মাসউদ চৌধুরী ও বিচারপতি মো. বদরুজ্জামানের হাই কোটের অবকাশকালীন বেঞ্চ শিবলুকে ৬ মাসের অন্তবর্তীকালিন জামিন দেয়।
“জামিন সংক্রান্ত আদেশের কপি ফেনী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৌঁছলে তা পরীক্ষার পর ফেনী কারাগারে পাঠানো হয়।”
গত ২০ মে ফেনীর একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে ও গাড়ীসহ পুড়িয়ে হত্যা করা হয় ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে।
ঘটনার পর নিহতের ভাই রেজাউল হক জসিম ফেনী জেলা তাঁতী দলের আহ্বায়ক বিএনপি নেতা মাহাতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনারের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা করেন।
গত ২৮ অগাস্ট এ মামলায় ৫৬ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত)মামলার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, একরাম হত্যার চারদিন পর ২৪ মে ঘটনার অন্যতম পরিকল্পনাকারী ও মামলার অভিযোগপত্রভুক্ত আসামি শিবলু ফেনী মডেল থানায় আতœসমর্পণ করেন।
এরপর দুই দফায় ১৩ দিন রিমান্ড শেষে গত ৫ জুন ফেনী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খাইরুল আমিনের আদালতে হত্যার দায় স্বীকার করে ১৪৪ ধারায় জবানবন্দি দেন শিবলু।
শিবলু ফেনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও একই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
একরাম হত্যায় পুলিশ ও র্যাব এ পর্যন্ত ৩৪ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ১৬ জন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
গ্রেপ্তারদের মধ্যে অভিযোগপত্রে ২৯ জনের নাম রয়েছে।
এছাড়া অভিযুক্ত জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গির কবির আদেল, যুবলীগ নেতা জিয়াউল আলম মিস্টারসহ পলাতক ২৭ জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
