২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সই জাল করে মালিকানা হস্তান্তর ৪ ব্যবসায়ীর নামে পরোয়ানা

এক অংশীদারের সই জাল করে দুই প্রতিষ্ঠানের প্রায় ৫০ কোটি টাকার মালিকানা হস্তগত করার অভিযোগের ঘটনায় করা মামলায় চট্টগ্রামের চার ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2014, 10:30 PM

Updated : 22 Aug 2022, 07:18 PM

চার আসামি হলেন- নজির আহমদ, রফিক আহমদ, মোহাম্মদ উল্লাহ ও আমান উল্লাহ। তারা চিটাগাং সোপ লিমিটেড ও নূর আলী অ্যান্ড সন্স নামের দুটি ব্যবসা প্রতিষ্ঠানের অংশীদার এবং মৃত আবদুল জব্বার সওদাগরের ছেলে। প্রয়াত আবদুল জব্বার সওদাগর ও তার ভাই প্রয়াত নূর আলী সওদাগর ওই প্রতিষ্ঠান দুটির প্রতিষ্ঠাতা।

মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের আইনজীবী (পিপি) মেজবাহ উদ্দিন চৌধুরী অভিযোগপত্রভুক্ত চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করলে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ওবায়দুস সোবহান তা মঞ্জুর করেন।

আগামী ২৪ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন রেখেছে আদালত।

পিপি মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, আসামিরা ২০০৬ থেকে ২০০৯ সালের মধ্যে প্রতিষ্ঠান দুটির আরেক অংশীদার নুর আলী সওদাগরের এক মেয়ের স্বাক্ষর জাল করে প্রায় ৫০ কোটি টাকার শেয়ার নিজেদের নামে স্থানান্তর করেন।

“২০০৯ সালের ২৪ নভেম্বর শেয়ার জালিয়াতির অভিযোগে মামলা করেন নুর আলী সওদাগরের নাতি ইলিয়াছ।”

আদালতের নির্দেশে তদন্ত শেষে চলতি বছরের ৩০ জুন প্রতিবেদন দেন দুর্নীতি দমন কমিশন চট্টগ্রামের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোরশেদ আলম।