গ্রুপ ফোরের চুরি যাওয়া টাকা উদ্ধার, গ্রেপ্তার ১
অর্থের বিনিময়ে নিরাপত্তা সহায়তা দানকারী বেসরকারি প্রতিষ্ঠান ‘গ্রুপ ফোর সিকিউরিটিজ’ এর চট্টগ্রাম কার্যালয় থেকে চুরি হওয়া প্রায় ৩ কোটি টাকা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।
নগর গোয়েন্দা পুলিশের এসআই সন্তোষ চাকমা জানান, মঙ্গলবার ভোরে সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজ মসজিদ এলাকা থেকে গ্রুপ ফোরের দুই কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকাসহ একজনকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিটি কলেজ মসজিদ এলাকা থেকে মো. বশির নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার ব্যাগের ভেতরেই পাওয়া যায় টাকা।
এসআই সন্তোষ বলেন, “এ ঘটনার মূল হোতাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এজন্য বিভিন্ন স্থানে অভিযানও চালানো হচ্ছে।”
তবে পুলিশের পক্ষ থেকে কথিত সেই ‘মূল হোতার’ নাম পরিচয় জানানো হয়নি।
গত রোববার ভোরের দিকে কোনো এক সময়ে খুলশী চার নম্বর সড়কের ১৫/২ নম্বর ভবনে ‘গ্রুপ ফোর’ কার্যালয়ের ভল্ট থেকে তিন কোটি টাকা চুরি যায়।
এজাহারে বলা হয়, বিকল্প চাবি দিয়ে ভল্ট খুলে কার্যালয় থেকে ওই টাকা বের করে নিয়ে যাওয়া হয়।
অভিযোগ পাওয়ার পর সোমবার প্রতিষ্ঠানটির কর্মী ইকবাল বিন রশিদ, রফিকুল ইসলাম ও রবিউল হোসেনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদও করে পুলিশ।
