চট্টগ্রাম আদালত ভবন উড়িয়ে দেওয়ার হুমকি
টেলিফোনে জেএমবি পরিচয় দিয়ে এক ব্যক্তির আত্মঘাতী বোমা হামলার হুমকি পেয়ে চট্টগ্রাম আদালত ভবন এলাকার নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ।
চট্টগ্রাম আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ জানান, মঙ্গলবার সকালে সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য মানস কুমার দাশকে টেলিফোনে এ হুমকি দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সকালে মানসের মোবাইলে অপরিচিত একটি নম্বর (০১৬৮৩৬২৪৯৮১) থেকে ফোন করে আদালতে আত্মঘাতী বোমা হামলা চালানোর হুমকি দেওয়া হয়।”
মানস কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৯টা ১৯ মিনিটে নিজের মোবাইল ফোনে তিনি ওই ফোন পান।
“চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এক ব্যক্তি আমাকে বলে, সুইসাইড স্কোয়াড আজ আদালত ভবনে বোমা হামলা চালাবে।”
তিনি বিষয়টি সংশ্লিষ্ট বিচারক ও পুলিশ প্রশাসনকে জানানোর পর কোতোয়ালি থানা পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মঞ্জুর মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হুমকির বিষয়টি জানার পর আদালত এলাকার নিরাপত্তা জোরদারের পাশাপাশি অতিরিক্ত ছয় প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে।
এছাড়া আদালত ভবন ও আশেপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে, আদালতের প্রবেশপথগুলোতে চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে।
“যে কোনো ধরনের নাশকতার বিরুদ্ধে আমরা সর্বোচ্চ সতর্কতা নিয়েছি।”
যে ফোন থেকে হুমকি দেওয়ার কথা বলা হচ্ছে, তাতে ফোন করে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
