নোয়াখালীতে বাসচাপায় ৩ যুবলীগ নেতা নিহত
নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় বাসচাপায় একটি অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন, যাদের তিনজনই যুবলীগের স্থানীয় নেতা।
সোমবার রাতে উপজেলার জুনুদপুরে এই দুর্ঘটনার পর স্থানীয়রা এক ঘণ্টা রামগঞ্জ-চাটখিল-সোনাইমুড়ি সড়ক অবরোধ করে রাখে বলে পুলিশ জানায়। এসময় বাসটিতে ভাংচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়।
নিহত যুবলীগ নেতারা হলেন- নদনা ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি সুমন, সহ সভাপতি এমরান এবং সদস্য মিজান। নিহত অটোরিকশার চালকের পরিচয় জানা যায়নি।
রোববার নদনা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল। নবনির্বাচিত কমিটির সভাপতিকে শুভেচ্ছা জানাতে সুমন, এমরান ও মিজানসহ ৫ যুবলীগকর্মী সেখানে গিয়েছিলেন বলে সোনাইমুড়ি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন সুজন জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত ৯টার দিকে সিএনজি অটোরিকশায় করে ফিরে আসছিলেন তারা। এ সময় জুনদপুর ব্রিজের কাছে চট্টগ্রাম থেকে আসা একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।”
সোনাইমুড়ি থানার ওসি আশরাফুল আলম জানান,বাসের চাপায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় অটোরিকশার তিন যাত্রী সুমন, মিজান, এমরান এবং চালক গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে চারজনেরই মৃত্যু হয়।
ঘটনার পরপরই লোকজন সড়ক অবরোধ করে বাসটি ভাংচুর ও অগ্নিসংযোগ করে। পুলিশ গিয়ে রাত ১০টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে ওসি জানান।
