২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় ক্লিনিকে রোগীর মৃত্যু: ভুল চিকিৎসার অভিযোগ

মাগুরা শহরের একটি বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2014, 09:26 PM

Updated : 22 Aug 2022, 07:18 PM

সোমবার শহরের কাউন্সিল পাড়া এলাকায় জাহান ক্লিনিকের এ ঘটনায় সদরের ছোনপুর গ্রামের হামিদা বেগমের (৭০) মৃত্যু হয়।

সদর থানার এস আই মানিক বিশ্বাস জানান, ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য রাতে ক্লিনিকের নার্স মিতু বিশ্বাসকে আটক করা হয়েছে।

হামিদা বেগমের ছেলে কহিনুর বিশ্বাস জানান, ডায়াবেটিসে আক্রান্ত আমার মাকে মাগুরা ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক মাসুদুর রহমানের পরামর্শে তার মালিকানাধীন জাহান ক্লিনিকে ভর্তি করা হয়।

তার অভিযোগ, সন্ধ্যায় ক্লিনিকের নার্স মিতু বিশ্বাস তার শরীরে একটি ইনজেকশন পুশ করলে তিনি মারা যান।

এ বিষয়ে মাসুদুর রহমান বলেন, দুপুরে ডায়াবেটিক হাসপাতালে এলে রোগীর অবস্থা আশংকাজনক বলে তাকে জানানো হয়েছিল। তারা নিজের ইচ্ছাতেই তার ক্লিনিকে রোগীকে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিতে পরিবারের সদস্যদের পরামর্শ দিলেও তারা বিলম্ব করায় রোগীর মৃত্যু হয়েছে।

ক্লিনিকের নার্স মিতু বিশ্বাস অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককমকে বলেন, “আমি তার শরীরে কোনো ইনজেকশন পুশ করিনি। ওই রোগী ভর্তি হওয়ার পর থেকে সন্ধ্যা পর্যন্ত আমি অপারেশন থিয়েটারে ছিলাম। এবিষয়ে আর কিছু জানি না।”