২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জজ মিয়ার সাক্ষ্য বাতিলের আবেদন খারিজ

২১ অগাস্ট মামলার এক সময়ের আসামি জালাল আহমেদ জজ মিয়াকে সাক্ষী হিসেবে গ্রহণে আপত্তি জানিয়ে তার জবানবন্দি বাতিলে আসামি পক্ষের আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2014, 08:45 PM

Updated : 22 Aug 2022, 07:18 PM

এর ফলে বহুল আলোচিত এই ব্যক্তির জবানবন্দি এখন শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলার সাক্ষীর সাক্ষ্য হিসেবে গৃহীত হবে, যাকে চারদলীয় জোট সরকার আমলে এই হত্যাকাণ্ডের আসামি করা হয়েছিল।

সম্পূরক অভিযোগপত্রে সাক্ষী হিসেবে তালিকাভুক্ত হওয়া জজ মিয়া জবানবন্দি দেওয়ার পর আগের আসামি হিসেবে তাকে সাক্ষী হিসেবে মেনে নিতে আপত্তি জানিয়ে গত ৩০ সেপ্টেম্বর আবেদন করে আসামি পক্ষ।

সোমবার ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত বিশেষ এজলাসে বসে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক শাহেদ নূরউদ্দিন ওই আবেদন খারিজের আদেশ দেন।

মামলার অন্যতম আসামি কারবন্দি উজ্জল মিয়ার পক্ষে এই আবেদন জানানো হয়েছিল।

এই কারণে কারাগারে উজ্জলের ওপর নির্যাতন চালানো হয়েছে দাবি করে তার আইনজীবী পারভেজ হোসেন ও মোহাম্মদ আলী কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবন্থা নেওয়ার দাবি জানান।

জজ মিয়ার সাক্ষ্য বাতিলের আবেদন খারিজ হওয়ার পর এর বিরুদ্ধে হাই কোর্টে আপিল করবেন জানিয়ে জেরার মুলতবির দাবিও জানান তারা।

আদালতের আদেশের সত্যায়িত কপি না পাওয়ায় তারা আপিল করতে পারছেন না দাবি করে বিচারকের প্রতি উষ্মাও প্রকাশ করেন আসামি পক্ষের আইনজীবীরা।

শুনানিতে সরকার পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দ রেজাউর রহমান।

Image
বোনের সঙ্গে আদালত প্রাঙ্গণে জজ মিয়া (গত ৮ সেপ্টেম্বরের ছবি)

বোনের সঙ্গে আদালত প্রাঙ্গণে জজ মিয়া (গত ৮ সেপ্টেম্বরের ছবি)

আলোচিত এই মামলার রাষ্ট্রপক্ষের ১০৪তম সাক্ষী হিসেবে গত ৩০ সেপ্টেম্বর সাক্ষ্য দেন নোয়াখালীর সেনবাগ উপজেলার বীরকোট গ্রামের বাসিন্দা জজ মিয়া। তার মা ও বোনও এর আগে সাক্ষ্য দেন।

২০০৪ সালে আওয়ামী লীগের সমাবেশে সেই হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পরের বছর ৯ জুন নোয়াখালীর সেনবাগ উপজেলার বিরকোট গ্রাম থেকে জজ মিয়াকে গ্রেপ্তার করা হয়।

‘স্বীকারোক্তিমূলক জবানবন্দি’ আদায়ের পর জজ মিয়াকে আসামি করেই চাঞ্চল্যকর এ মামলার অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

কিন্তু পরে অধিকতর তদন্তে দেখা যায়, ওই মামলাকে ‘ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য’ বিগত চারদলীয় জোট সরকারের নির্দেশে সিআইডি জজ মিয়াকে নিয়ে নাটক সাজানোর চেষ্টা করে। তখনকার তদন্ত কর্মকর্তারা এখন আলোচিত এই মামলার আসামি। 

তত্ত্বাবধায়ক সরকার আমলে ২০০৮ সালে জজ মিয়াকে আসামি থেকে বাদ দিয়ে অভিযোগপত্র দেয় সিআইডি। পরে আদালত তাকে মামলা থেকে অব্যাহতি দিলে ২০০৯ সালে মুক্তি পান জজ মিয়া।

এরপর অধিকতর তদন্তে সর্বমোট ৫২ জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেন সিআইডির বিশেষ সুপার আব্দুল কাহহার আকন্দ। তখন জজ মিয়া ও তার মা-বোনকে সাক্ষী করা হয়।

জজ মিয়ার আগে সম্প্রতি এই মামলায় সাক্ষ্য দেন তার মা জোবেদা খাতুন ও খোরশেদা আক্তার। তারা দুজনই বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার আমলে জজ মিয়াকে দোষ স্বীকার করে জবানবন্দি দিতে বাধ্য করা হয়েছিল।

সাক্ষ্যে জজ মিয়া বলেন,বিএনপি-জামায়াত জোটের আমলে সিআইডির কয়েকজন কর্মকর্তা তাকে হুমকি দিয়ে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করেছিলেন। সাক্ষ্য দেওয়ার বিনিময়ে তার পরিবারের ভরণ-পোষণের দায়িত্ব নেওয়া হয়।

ওই আমলে মামলার তদন্তের দায়িত্বে থাকা সিআইডির সাবেক বিশেষ সুপার রুহুল আমিন, সাবেক জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মুন্সি আতিকুর রহমান, সাবেক সহকারী পুলিশ সুপার আব্দুর রশীদ এখন আসামি হিসেবে বিচারের মুখোমুখি।

শেখ হাসিনাকে হত্যাচেষ্টার এই মামলায় খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তৎকালীন মন্ত্রী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদও আসামি।

আওয়ামী লীগের গত আমলে অধিকতর তদন্ত শেষে আসামির তালিকায় এদের যোগ করে ৫২ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়।

পুরনো খবর:

সাক্ষী জজ মিয়াকে নিয়ে প্রশ্ন
সাক্ষ্য দিলেন সেই জজ মিয়ার মা
জজ মিয়াকে বাড়ি দেওয়ার ‘লোভও দেখানো হয়’