প্রতারণার অভিযোগে ৯ জন আটক
চাকরি প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে গাজীপুর থেকে নয়জনকে আটক করেছে র্যাব।
রোববার বিকালে তাদেরকে গাজীপুরের জয়দেবপুরের কোনাবাড়ীর মাকসুদা মঞ্জিল থেকে র্যাব- ৪ এর একটি দল আটক করে বলে সোমবার বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, আটকরা এমএলএম কোম্পানির নামে গ্রামাঞ্চল থেকে বেকার যুবকের চাকরির প্রলোভন দেখিয়ে টাকা পয়সা হাতিয়ে নিত এবং খালি স্ট্যাম্পে সই নিয়ে ভয়ভীতি দেখাত।
‘এম-টাস বিডি লিমিটেড’ নাম দিয়ে চাকরিপ্রার্থীর কাছ থেকে প্রথমে ২৮ হাজার টাকা নেওয়া হত। কিন্তু চাকরি প্রার্থী পরে বুঝতে পেরে টাকা ফেরত চাইলে ওই ফ্ল্যাটে আটকে রেখে মারধর করা হত বলে র্যাব জানায়।
এদিকে র্যাব-১ এর একটি দল রোববার রাতে টঙ্গীর মাছিমপুর এলাকা থেকে ছয় ছিনতাইকারীকে আটক করে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
