সিরাজগঞ্জে ধর্ষণের পর শিশু হত্যা: যুবক গ্রেপ্তার
সিরাজগঞ্জ সদর উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার নূর ইসলাম (২২) সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শিবনাথপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি পেশায় তাত শ্রমিক।
সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার কান্দাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার সন্ধ্যায় স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির ওই ছাত্রীকে ফুসলিয়ে বাসা থেকে প্রতিবেশী নূর ইসলাম ডেকে নিয়ে যায় বলে অভিযোগ করেন মেয়েটির বাবা। রোববার ভোরে স্থানীয় এক কৃষক তার পটল ক্ষেতে মেয়েটির লাশ দেখতে পায়।
লাশ উদ্ধারের দিনই ওই শিশুর বাবা নূরের বিরুদ্ধে থানায় একটি মামলা করেন বলে জানান ওসি হাবিবুল।
তিনি বলেন, “গ্রেপ্তারের পর নূর তার সহযোগী হিসাবে আরও এক যু্বকের নাম বলে। কিন্তু রাতে থানায় জিজ্ঞাসাবাদে একাই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
“মেয়েটির বড় ভাই পাওনা দুইশ' টাকার জন্য কথা কাটাকাটির এক পর্যায়ে হাতে আঘাত করেছিল দাবি করে তার পরিবারের ক্ষতি করতেই এ ঘটনা ঘটায় বলে দাবি করে নূর।”
