২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নির্মলেন্দু গুণের চিকিৎসার খবর রাখছেন প্রধানমন্ত্রী

হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন কবি নির্মলেন্দু গুণের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2014, 05:10 PM

Updated : 22 Aug 2022, 07:18 PM

ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন এ কবির চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রী নিয়মিত খোঁজখবর রাখছেন বলে জানিয়েছেন তার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল।  

প্রধানমন্ত্রীর পক্ষে শাকিল সোমবার সকালে হাসপাতালে কবিকে দেখতে যান।

পরে তিনি সাংবাদিকদের বলেন, “কবি নির্মলেন্দু গুণের চিকিৎসার খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী। তিনি কবির দ্রুত আরোগ্য কামনা করেছেন।” মাহবুবুল হক শাকিল কর্তব্যরত চিকিৎসকদের কাছ থেকে নির্মলেন্দু গুণের শারীরিক অবস্থার খোঁজ নেন।

রোববার ল্যাবএইডে ভর্তির পর এনজিওগ্রাম করে কবির হৃদযন্ত্রের ধমনীতে একটি ‘ব্লক’ ধরা পড়লে তার বাইপাস সার্জারির সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। সোমবার তার অস্ত্রোপচার হয়।

ল্যাবএইডের অধ্যাপক বরেন চক্রবর্তীর তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।