২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেডমার্ক মামলা নিষ্পত্তির সময় বাড়ছে

ট্রেডমার্ক বিরোধ সংক্রান্ত মামলা নিষ্পত্তির সময় ১২০ কার্যদিবস থেকে বাড়িয়ে ৩৬০ কার্যদিবস করার প্রস্তাবে সায় দিয়েছে মন্ত্রিসভা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2014, 04:44 PM

Updated : 22 Aug 2022, 07:18 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে ‘ট্রেডমার্ক (সংশোধন) আইন, ২০১৪’ ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের বলেন, “বর্তমান আইনে ট্রেডমার্ক বিরোধ সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে ১২০ কার্যদিবস সময় দেয়া রয়েছে। অভিজ্ঞতা থেকে দেখা গেছে এ সময় অবাস্তব, এই সময়ে মামলা নিষ্পত্তি সম্ভব হয় না। এ কাজটি করা হয় সাতটি ধাপে। এ জন্য ৩০০ এর বেশি কার্যদিবসের প্রয়োজন হয়।”

এ কারণে ৩৬০ কার্যদিবসের মধ্যে এ ধরনের মামলা নিষ্পত্তির সুযোগ রাখা হয়েছে বলে জানান সচিব।

তিনি বলেন, ১৯৪০ সালে ট্রেডমার্ক আইন করার পর ১৯৬৩ সালে এ আইনের বিধি প্রণয়ন হয়। সর্বশেষ ২০০৯ সালে নতুন ট্রেডমার্ক আইন করা হয়।

“২০০৯ সালের ট্রেডমার্ক আইন সংশোধন করেই এ নতুন আইন হচ্ছে। শিল্প মন্ত্রণালয় এই প্রস্তাব উত্থাপন করেছে।”

এই খসড়ায় মামলা নিষ্পত্তির সময় বাড়ানো ছাড়াও ভাষাগত কিছু বিষয় স্পষ্ট করা হয়েছে বলে জানান মোশাররাফ হোসাইন ভূঁইঞা।

তিনি জানান, মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে ২০১৪ সালের তৃতীয় ত্রৈমাসিক (জুলাই-সেপ্টেম্বর) প্রতিবেদনও এদিন বৈঠকে উপস্থাপন করা হয়।

“সিদ্ধান্ত বাস্তবায়নের গতিপ্রকৃতি ভাল। এ তিন মাসে মন্ত্রিসভা-বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের হার প্রায় ৬০ শতাংশ।”