২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা

গোপালগঞ্জের কাশিয়ানীতে যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2014, 03:02 PM

Updated : 22 Aug 2022, 07:18 PM

কাশিয়ানী থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, রোববার রাতে উপজেলার চাপ্তা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রানী বেগম (৩৫) ওই গ্রামের ইয়াসিন তালুকদারের স্ত্রী।

এ ঘটনার পর থেকে ইয়াসিন পলাতক রয়েছে।

রানীর ভাই জসিম মল্লিক জানান, প্রায় ১৫ বছর আগে খালাতো ভাই ইয়াছিন তালুকদারের সঙ্গে বোন রানীর বিয়ে হয়। তাদের দুটি মেয়ে রয়েছে।

তিনি অভিযোগ করেন, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য রানীকে নির্যাতন করে আসছিল স্বামী ও তার পরিবারের লোকজন। ২০১৩ সালে ইয়াসিনকে এক লাখ টাকা যৌতুক দেয়া হয়। সম্প্রতি সে আরো ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে।

জসিম বলেন, “রোববার রাত ৯টার দিকে রানী আমাকে ফোনে জানায় তাকে স্বামীর পরিবারের লোকজন মেরে ফেলতে পারে। রাতে তার ওপর নির্যাতন চালানো হয়। এতে তার মৃত্যু হলে রানী আত্মহত্যা করেছে বলে আমাকে ফোনে জানানো হয়।”

যৌতুকের জন্য নির্যাতনের পর তার বোনকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

ওসি মো. মনিরুল বলেন, ওই গৃহবধূর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে, ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।