‘বিরল সম্মান’ অর্জনে স্পিকারকে সংবর্ধনা দেয়া হবে
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কমনওয়েলথভুক্ত দেশের পার্লামেন্টগুলোর ফোরামের প্রধান হওয়া বাংলাদেশের জন্য ‘বিরল সন্মান’ উল্লেখ করে তাকে সংসদে সংবর্ধনা দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ।
বৃহস্পতিবার ক্যামেরুনের রাজধানী ইয়াউনদে-তে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) ৬০তম সম্মেলনে সরাসরি ভোটে পরবর্তী তিন বছরের জন্য প্রথম বাংলাদেশি হিসেবে চেয়ারপার্সন নির্বাচিত হন স্পিকার শিরীন শারমিন।
মর্যাদাপূর্ণ এই পদে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন কেইম্যান আইল্যান্ডস’র লেজিসলেটিভ অ্যাসেম্বলির স্পিকার জুলিয়ানা ও’ কনর-কনোলি।
রোববার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভার শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, “তাকে আমি অভিনন্দন জানাই। আমরা কমনওয়েলথ এর সদস্য। সেই সদস্য হিসেবে আমি মনে করি এটা বাংলাদেশের জন্য একটা বিরল সন্মান।
ছবি: আসাদুজ্জামান প্রামানিক
স্পিকার দেশে ফেরার পর ২২ অক্টোবর সংসদে স্পিকারকে সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
বাংলাদেশের কেউ এর আগে এই পদে ছিলেন না। তবে প্রথম বাঙালি হিসেবে এই পদে ২০০৫-০৮ মেয়াদে দায়িত্ব পালন করেছিলেন ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য হাশিম আব্দুল হালিম।
এর আগে ১৯৮৪-৮৭ মেয়াদে ভারতের পার্লামেন্ট সদস্য বাল রাম ঝাকার সিপিএ চেয়ারপার্সন নির্বাচিত হয়েছিলেন।
সিপিএ’র বর্তমান চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করছেন ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অফ কমন্সের সদস্য স্যার অ্যালান হ্যাসেলহার্টস।
তার উত্তরসূরির দায়িত্ব নিতে ভোটে অংশ নিতে শিরীন শারমিনকে আহ্বান জানিয়েছিলেন যুক্তরাজ্য পার্লামেন্টের উচ্চ কক্ষ হাউজ অফ লর্ডসের স্পিকার ব্যারোনেস ডি সুজা।
