২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলতি মাসে উড়াল সড়কের নির্মাণকাজ শুরু

সব ধরনের অনিশ্চয়তা কেটে যাওয়ায় মাসের শেষ দিকে আলোচিত উড়াল সড়কের (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) নির্মাণকাজ শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2014, 07:48 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

ঈদ যাতায়াত নিয়ে রোববার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।

এর আগেও মন্ত্রী এ বছরের ফেব্রুয়ারি ও সেপ্টেম্বরে এই সড়ক (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) নির্মাণকাজ শুরুর কথা বলেছিলেন।  

প্রকল্পের আওতায় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মহাখালী হয়ে তেজাগাঁও-মগবাজার-কমলাপুর-কুতুবখালী পর্যন্ত ২০ কিলোমিটার উড়াল সড়ক নির্মিত হবে।

সংযোগ সড়কসহ এর দৈর্ঘ্য হবে প্রায় ৪৬ কিলোমিটার, যাতে ব্যয় হবে প্রায় ১২ হাজার ২০০ কোটি টাকা। ২০১৬ সালে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, “অবশেষে দীর্ঘ অনিশ্চয়তার পথ শেষ করে এ মাসের শেষের দিকে এয়ারপোর্ট থেকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শুরু হতে যাচ্ছে।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

২০১১ সালের ১৯ জানুয়ারি এ প্রকল্পের প্রথম চুক্তি হয়। একই বছর ৪ এপ্রিল ভিত্তিস্থাপন করা হয়।

তবে নকশা পরিবর্তন ও মূল্যস্ফীতির কারণে প্রকল্প ব্যয় বেড়ে যাওয়ায় গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইতাল থাই ডেভলপমেন্ট কোম্পানির সঙ্গে নতুন করে চুক্তি করে সরকারের সেতু বিভাগ।

সে সময় যোগাযোগমন্ত্রীর দায়িত্বে থাকা ওবায়দুল কাদের এ বছরের ফেব্রুয়ারিতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ শুরুর কথা বলেছিলেন।

সবশেষ গত ১২ জুন প্রকল্পের ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে সেপ্টেম্বরে এর নির্মাণকাজ শুরুর কথা বলেন কাদের।

পুরনো খবর:

'এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ শুরু সেপ্টেম্বরে'
উড়াল সড়কের নির্মাণ ব্যয় ৩৯২ কোটি টাকা বেড়েছে