২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উড়াল সড়কের নির্মাণ ব্যয় ৩৯২ কোটি টাকা বেড়েছে

নকশা পরিবর্তন ও মূল্যস্ফীতির কারণে খরচ বেড়ে যাওয়ায় আলোচিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে সংশোধিত চুক্তি সই করেছে বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2013, 05:34 PM

Updated : 25 Apr 2022, 07:40 PM

সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এই উড়াল সড়ক নির্মাণকাজ শুরু হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার বনানীর সেতু ভবনের সভাকক্ষে চুক্তি স্বাক্ষার অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে ‘আগামী প্রজন্মের’ জন্য।

প্রায় ৯ হাজার কোটি (৮ হাজার ৯৪০ কোটি ১৮ লাখ) টাকা ব্যয়ে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইতাল থাই ডেভলপমেন্ট কোম্পানির প্রেসিডেন্ট প্রেমচাই কর্ণসুতা এবং সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম চুক্তিতে সই করেন।

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের পরিচালক প্রকৌশলী মো. শফিকুল ইসলামসহ সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, ‍প্রকল্পের নকশা পরিবর্তন ও মূল্যস্ফীতির কারণে প্রায় ৩৯২ কোটি টাকা ব্যয় বেড়েছে। সরকারের ১৫৫ এবং বিনিয়োগকারীর ২৩৭ কোটি টাকা ব্যয় বেড়েছে।

২০১৬ সালে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। ২০১১ সালের ১৯ জানুয়ারি এ প্রকল্পের প্রথম চুক্তি হয়। একই বছর ৪ এপ্রিল ভিত্তিস্থাপন করা হয়।

প্রকল্প বাস্তবায়নে সরকারী অর্থায়ন ২ হাজার ৪১৩ কোটি ৮৪ লাখ টাকা।এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য ইতিমধ্যে ফাস্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (এফবিইই) কোম্পানি গঠন করা হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত এর রুট নির্ধারণ করা হয়েছে।