'এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ শুরু সেপ্টেম্বরে'
ঢাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ চলতি বছরের সেপ্টেম্বরে শুরু হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার বানানীর সেতু ভবনে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে একথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সরকারের একটি অগ্রাধিকারযুক্ত প্রকল্প।
"এ প্রকল্পের গুরুত্ব বিবেচনায় প্রধানমন্ত্রী প্রকল্পটি ফার্স্ট ট্র্যাককভুক্ত প্রকল্প হিসেবে নিয়েছেন। প্রকল্পটির মূলকাজ এ বছরের সেপ্টেম্বরে শুরু হবে।”
নকশা পরিবর্তন ও মূল্যস্ফীতির কারণে প্রকল্প ব্যয় বেড়ে যাওয়ায় গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইতাল থাই ডেভলপমেন্ট কোম্পানির সঙ্গে পুণরায় চুক্তি করে সরকারের সেতু বিভাগ।
সেই অনুষ্ঠানে গত সরকারের আমলেও যোগাযোগমন্ত্রীর দায়িত্বে থাকা ওবায়দুল কাদের বলেছিলেন, এ বছরের ফেব্রুয়ারিতেই এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্পের কাজ শুরু হবে।
চেক হস্তান্তর অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী জানান, এ প্রকল্পের আওতায় হযরত শাহজালাল (র:) আন্তর্জাতিক বিমানবন্দর হতে মহাখালী হয়ে তেজাগাঁও-মগবাজার-কমলাপুর-কুতুবখালী পর্যন্ত ২০ কিলোমিটার।
তিনি বলেন, "তবে বিভিন্ন এলাকার সঙ্গে সংযোগ সড়কসহ এর দৈর্ঘ্য হবে প্রায় ৪৬ কিলোমিটার, যাতে ব্যয় হবে প্রায় ১২ হাজার দুইশ' কোটি টাকা।"
'একটি মহল বিভিন্ন উন্নয়ন কাজ বাধাগ্রস্ত করতে চায়’ মন্তব্য করে তিনি বলেন, “সরকার কাজের মাধ্যমে এর জবাব দিতে চায়। এসকল উন্নয়নমূলক কাজ সরকারের একটি বড় অ্যাচিভমেন্ট।”
অনুষ্ঠানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পে ক্ষতিগ্রস্ত ২৬ জনকে প্রায় ২০ কোটি টাকার চেক দেন মন্ত্রী।
পর্যায়ক্রমে দুইশ' জনকে প্রায় ১৩৫ কোটি টাকার চেক দেয়ার কথা রয়েছে।
২০১৬ সালে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। ২০১১ সালের ১৯ জানুয়ারি এ প্রকল্পের প্রথম চুক্তি হয়। একই বছর ৪ এপ্রিল ভিত্তিস্থাপন করা হয়।
