রাঙ্গুনিয়ায় জামাতার হাতে শাশুড়ি খুন
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মেয়ের জামাতার হাতে খুন হয়েছেন এক বৃদ্ধা।
রোববার সকালে উপজেলার সরফভাটা ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পে আয়েশা খাতুনকে (৭০) হত্যার পর থেকে পলাতক রয়েছেন মো. মামুন (২১)।
মামুন নিহতের ছোট মেয়ের জামাতা বলে জানিয়েছেন রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) চন্দন কুমার চক্রবর্তী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে পানির বালতি ব্যবহার করা নিয়ে মামুনের সঙ্গে আয়েশার ঝগড়া হয়।
“এক পর্যায়ে মামুন ক্ষিপ্ত হয়ে আয়েশার বুকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।”
মামুনের গ্রামের বাড়ি নেত্রকোনা হলেও সরফভাটার পাইট্ট্যালিকুল গ্রামে নানার বাড়িতে থাকতেন।
স্থানীয় কয়েকজনের উদ্বৃতি দিয়ে চন্দন কুমার চক্রবর্তী বলেন, “কয়েক মাস আগে আয়েশা খাতুনের ছোট মেয়ে সুফিয়া আক্তার সুখির সাথে মামুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে আশ্রয়ণ প্রকল্পে বাসা ভাড়া নিয়ে থাকতেন মামুন।”
মামুনকে ধরতে পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি।
