২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাক্ষ্য দিতে দুদকে আব্বাস-শাজাহান

সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবিরের বিরুদ্ধে মামলার তদন্তে দুর্নীতি দমন কমিশনে সাক্ষ্য দিলেন সাবেক মন্ত্রী মির্জা আব্বাস এবং বর্তমান মন্ত্রী শাজাহান খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2014, 06:17 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

সাংবাদিকদের একটি সংগঠনকে প্লট বরাদ্দ দেওয়ায় অনিয়মের অভিযোগে খালেদা জিয়ার সরকারের প্রতিমন্ত্রী আলমগীর কবিরসহ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের তিন সদস্যের বিরুদ্ধে গত ৩ মার্চ এই মামলা করে দুদক।

দলের নেতা আলমগীর কবিরের ‘দুর্নীতির’ বিষয়ে সাক্ষ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ওই বরাদ্দে কোনও অনিয়ম হয়েছে বলে তিনি মনে করেন না।

অন্যদিকে আওয়ামী লীগ নেতা শাজাহান খান বলেন, জমি বরাদ্দ দেওয়ার পুরো বিষয়টিই ঘটেছে বিধিবহির্ভূত ভাবে এবং এই জন্য দায়ী তৎকালীন প্রতিমন্ত্রী আলমগীর কবির।

সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে শাজাহান খান উপস্থিত হন বেলা সোয়া ১১টায়। ১২টার দিকে সাক্ষ্য দিয়ে বেরিয়ে আসেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শাজাহান খান বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে একটি শ্রমিক সংগঠন ওই জায়গা বরাদ্দ চেয়ে আবেদন করেছিল।

এরপর চারদলীয় জোট ক্ষমতায় এসে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেড নামের একটি সংগঠনকে ওই জায়গা বরাদ্দ দেয়।

“এখানে অনিয়ম হয়েছে এবং তৎকালীন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবির সম্পূর্ণ বিধিবহির্ভূতভাবে এই কাজ করেছেন। আমি দুদককে তাই জানিয়েছি,” বলেন শাজাহান খান।

দুদকের এক কর্মকর্তা জানিয়েছেন, সাংবাদিক সমিতিকে বরাদ্দ দেওয়া ওই প্লটটির জন্য আগে আবেদন করেছিল ঝিলমিল সমবায় সমিতি লিমিটেড নামে একটি সংগঠন, ওই সংগঠনের সভাপতি ছিলেন শাজাহান খান।

ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস দুপুর ৩টার দিকে দুদকে উপস্থিত হন। তিনিও সাক্ষ্য দিতে এক ঘণ্টা সময় নেন। 

সাবেক মন্ত্রী মির্জা আব্বাস সাংবাদিকদের বলেন, “এখানে (জমি বরাদ্দ) কোনও দুর্নীতি হয়েছিল বলে আমি মনে করি না।”

শাজাহান খানের বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, “উনারা এখন সরকারে আছেন তো, তাই তারা যাই করেন বিধি মোতাবেক করেন। যারা সরকারের বাইরে থাকেন তাদের সবই বিধিবহির্ভূত হয়।”

শাহবাগ থানায় করা এই মামলায় অভিযোগ করা হয়েছে, ২০০৬ সালে আলমগীর কবির প্রতিমন্ত্রী থাকা অবস্থায় রাজধানীর মিরপুর-৮ অঞ্চলে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতিকে ‘নামমাত্র’ মূল্যে প্লট বরাদ্দ দেন।

ওই ৭ একর জমির দাম ১৮ কোটি ৯১ লাখ ৩০ হাজার টাকা হলেও ৩ কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকায় তা বরাদ্দ দিয়ে সরকারের আর্থিক ক্ষতি করা হয়েছিল বলে এজাহারে অভিযোগ করা হয়।  

ওই সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর দায়িত্বে থাকা মির্জা আব্বাস সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “আমি এ বিষয়টা খুব স্পষ্টভাবে জানি না।

“আমি শুধু এইটুকু বলতে পারি, সাংবাদিকরা প্লটের জন্য আবেদন করেছিলেন। আমার কাছে যখন (জমি বরাদ্দ সংক্রান্ত) কাগজপত্র এসেছিল, আমার মনে হয়েছে এটা বিধিমোতাবেক ছিল।”

সে ক্ষেত্রে বিএনপিকে হয়রানি করতে এই মামলা করা হয়েছে বলে মনে করেন কি না- জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, “আপনারা সাংবাদিক। আপনারা খুব ভাল করেই জানেন বর্তমান সরকারের মন-মানসিকতা কেমন। কেন এসব প্রশ্ন করে বিব্রত করেন।”

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধেও দুদকের মামলা সচল রয়েছে। দলটির অভিযোগ, বিরোধী রাজনৈতিক নেতাদের হয়রানি করতেই ‍এসব মামলা করা হচ্ছে।