রাজশাহীতে বাস পুকুরে, নিহত ১
রাজশাহীর চারঘাট উপজেলায় একটি যাত্রীবাহী বাস পুকুরে পড়ে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ৩০ জন।
চারঘাট থানার ওসি খন্দকার গোলাম মুর্ত্তজা জানান, রোববার বেলা ৩টার দিকে উপজেলার কাকরামারী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহন আলী (২৫) চারঘাটের মিয়াপুর গ্রামের আজিজুল হকের ছেলে।
আহতদের মধ্যে ২০ জনকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি খন্দকার গোলাম মুর্ত্তজা বলেন, বাঘা থেকে মা এন্টারপ্রাইজ নামের বাসটি রাজশাহী যাচ্ছিল। পথে কাকরামারী মোড়ে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে বাসটি পুকুরে পড়ে যায়। এ সময় বাসের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান মোহন আলী।
তিনি বলেন, “বাসটি পুকুরে পড়ে পানির নিচে তলিয়ে যায়। প্রথমে স্থানীয়রা এবং পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা বাস যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।”
বাসটি পানির নিচে থাকায় কেউ আটকা পড়ে আছে কী না বলা যাচ্ছে না জানিয়ে ওসি আরো বলেন, বাস পানি থেকে উঠানোর পরই তা জানা যাবে।
বাসযাত্রী মিনহাজ বলেন, “বাসে ৩৫ থেকে ৪০ জন যাত্রী ছিল। পুকুরে পড়ে যাওয়ার পর পরই বাসের জানালা দিয়ে বের হয়ে এসেছি।”
