কিশোরগঞ্জে আ. লীগের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা
কিশোরগঞ্জের করিমগঞ্জে একই স্থানে আওয়ামী লীগের দুটি পক্ষ পাল্টাপাল্টি সম্মেলনের কর্মসূচি দেওয়ায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
স্থানীয়রা জানান, করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক নাসিরুল ইসলাম খান আওলাদ রোববার সাতারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাদির জঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনের ঘোষণা দেন। এজন্য বেশ কিছু দিন ধরে প্রস্তুতিও চলছিল।
এদিকে সম্মেলনের আগের দিন শনিবার কাদির জঙ্গল ইউপি চেয়ারম্যান ও জেলা শ্রমিক লীগ সভাপতি এবিএম সিরাজুল ইসলামও একই সময়ে ও একই স্থানে পাল্টা সম্মেলনের কর্মসূচি ঘোষণা করেন।
পাল্টা-পাল্টি কর্মসূচি ঘোষণার কারণে সকাল থেকে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করে এলাকায় মাইকিং করা হয়। একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ।
এদিকে এ ঘটনার জন্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুকে দায়ী করে তাকে করিমগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেছে উপজেলা আওয়ামী লীগ।
দুপুরে স্থানীয় গাংগাইল বাজারে নিজের অংশের সম্মেলন করে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক নাসিরুল ইসলাম খান আওলাদ এ ঘোষণা দেন।
অপরদিকে স্থানীয় দেওয়ানগঞ্জ বাজারে কাদির জঙ্গল ইউপি চেয়ারম্যান ও জেলা শ্রমিক লীগ সভাপতি এবিএম সিরাজুল ইসলামের উপস্থিতিতে পাল্টা সম্মেলন হয়।
