২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে স্ত্রীকে ছুরি মেরে হত্যা

কুড়িগ্রাম শহরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠছে এক ব্যক্তির বিরুদ্ধে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2014, 03:48 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

শনিবার রাতে শহরের খলিলগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে কুড়িগ্রাম সদর থানার ওসি আব্দুল বাতেন মিয়া জানান।

নিহত ফরিদা পারভিন (২২) রাজারহাট উপজেলার কাঠালবাড়ী ইউনিয়নের নেফারদারগা গ্রামের আনিসুল ইসলামের স্ত্রী। ঘটনার পর থেকে আনিসুল পলাতক।

ফরিদা খালা দুলালী বেগম জানান, আট বছর আগে ফরিদা পারভিনের সঙ্গে আনিসুল ইসলামের বিয়ে হয়। তাদের চার বছর বয়সী একটি মেয়ে আছে।

তিনি অভিযোগ করেন, বিয়ের কিছুদিন পর থেকে যৌতুক দাবি করে আনিসুল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারবিবারিক কলহ দেখা দেয়। ফরিদাকে নির্যাতনও করতো আনিসুল।

নির্যাতন সহ্য করতে না পেরে কয়েক মাস আগে ফরিদা শহরের খলিলগঞ্জ এলাকায় খালু আব্দুর রহমানের বাড়িতে আশ্রয় নেয় জানিয়ে দুলালী বেগম বলেন, শনিবার রাত ১০টার দিকে আনিসুলসহ কয়েকজন ফরিদাকে নিতে আসে। ফরিদা যেতে না চাইলে আনিসুল তাকে এলোপাথাড়ি ভাবে ছুরিকাঘাত করে। এ সময় ফরিদার চিৎকারে বাড়ির ও আশপাশের লোকজন ছুটে এলে মোটরসাইকেলে করে সঙ্গীদের নিয়ে পালিয়ে যায় আনিসুল।

“মুমূর্ষু অবস্থায় ফরিদাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ওসি আব্দুল বাতেন মিয়া বলেন, এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানায় ফরিদার বাবা ফজলুল হক বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছের। পুলিশ আনিসুলকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।