চট্টগ্রামে অস্ত্রসহ আসামি গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীর এ কে খান মোড় থেকে অস্ত্রসহ হত্যা মামলার আসামি এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আকবর শাহ থানার ওসি আব্দুল মজিদ জানান, শনিবার রাতে আকবর শাহ থানার এ কে খান মোড়ের ঈগল বাস কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে তিন রাউন্ড গুলি ভর্তি একটি রিভলবার উদ্ধার করা হয়।
সোহাগের বিরুদ্ধে চট্টগ্রামের হালিশহর থানায় মাদক ও সন্দ্বীপ থানায় হত্যা মামলা রয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ঢাকাগামী একটি বাসের চালকের কাছ থেকে টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে সোহাগসহ আরও ৪/৫ জন যুবক গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছিল। গোপনে খবর পেয়ে পুলিশ ঈগল বাস কাউন্টার এলাকায় গেলে অন্যরা পালিয়ে যায়। এ সময় রিভলবারসহ সোহাগকে গ্রেপ্তার করা হয়।"
ওসি বলেন, টাকা ছিনতাই করে মহাসড়কের সুবিধাজনক কোনো স্থানে বাস থেকে নেমে যাওয়ার পরিকল্পনা ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ পুলিশকে জানিয়েছেন।
