বিএনপি নেতা অসীমকে ৪ সপ্তাহের জামিন
ধানমণ্ডিতে গাড়ি ভাংচুরের একটি মামলায় বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীমকে চার সপ্তাহের জামিন দিয়েছে হাই কোর্ট।
ফাইল ছবি
বিচারপতি বোরহান উদ্দিন ও আবু তাহের মো. সাইফুর রহমানের অবকাশকালীন বেঞ্চ রোববার অসীমের আবেদনের শুনানি করে জামিন মঞ্জুর করে।
জামিনের এই মেয়াদ শেষে অসীমকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করে নিয়মিত জামিনের আবেদন করতে হবে।
আদালতে অসীমের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও জয়নুল আবেদীন।
গত ১ অক্টোবর ধানমণ্ডি এলাকায় গাড়ি ভাংচুরের ঘটনায় অসীমসহ ৫০ জনকে আসামি করে এই মামলা দায়ের করে পুলিশ।
