পদ্মায় ডুবে শিশুসহ ৩ জনের মৃত্যু
মুন্সীগঞ্জের লৌহজংয়ে দুটি গ্রামে পদ্মা নদীতে ডুবে মারা গেছে দুই শিশুসহ তিনজন।
এর মধ্যে শিমুলিয়া গ্রামে মারা গেছে হৃদয় (১০) ও মামুন (৮) নামে দুটির শিশু। গাঁওদিয়া গ্রামে মারা যান মো. রাহাত (২৩) নামে এক যুবক।
ডুবে যাওয়ার পর তিনজনকে লৌহজং উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে লৌহজং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গৌরপদ শিকদার তাদের মৃত ঘোষণা করেন।
ডা. গৌরপদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসপাতালে আনার আগেই তিনজনের মৃত্যু হয়েছিল।
গাঁওদিয়ায় ডুবে যাওয়া রাহাত ঢাকার বংশালের আলু বাজারের আব্দুর ছাত্তারের ছেলে।
শিমুরিয়ায় মারা যাওয়া হৃদয় নারায়নগঞ্জ বন্দর এলাকার ইদ্রিস মোল্লার ছেলে। মামুনও একই এলাকার শাহ আলমের ছেলে।
একটি বিয়ের দাওয়াতে এসে সাঁতার না জানা এই দুই শিশু পদ্মায় গোসল করতে নেমে ডুবে যায় বলে স্থানীয়রা জানায়।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হুদ হুদের প্রভাবে পদ্মা নদীতে প্রবল ঢেউ এখন। এই কারণে মুন্সীগঞ্জের মাওয়ায় দুপুরে ঘণ্টাখানে লঞ্চ ও স্পিডবোট চলাচলও বন্ধ ছিল।
