২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

একরাম হত্যা: চার্জশিটভুক্ত আরেক আসামি গ্রেপ্তার

ফেনীর ফুলগাজী উপজেলার সাবেক চেয়ারম্যান একরামুল হক হত্যার চার্জশিটভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

নাজমুল হক শামীম

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2014, 01:10 AM

Updated : 22 Aug 2022, 07:18 PM

শনিবার রাত ১০টার দিকে শহরের ট্রাংক রোডের শহীদ মিনার এলাকা থেকে র‌্যাব-৭ এর একটি দল মোহাম্মদ ইউসুফ ভূইয়া শামীম (২২) নামের ওই আসামিকে গ্রেপ্তার করে। এ সময় তার অপর তিন সহযোগীকেও আটক করা হয়।

একরাম হত্যা মামলার চার্জশিটে আসামিদের তালিকায় শামীমের নাম ২০ নম্বরে রয়েছে। সে ফেনী শহরের উত্তর বিরিঞ্চি এলাকার কবির মিস্ত্রীর ছেলে। স্থানীয়ভাবে সে 'টপ শামীম' হিসেবে পরিচিত।

র‌্যাব-৭ সিপিসি-১ ফেনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আহম্মেদ মহি উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে রাতে শহরের ট্রাংক রোডের শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে শামীমকে গ্রেপ্তার করেন র‌্যাব সদস্যরা। এ সময় তার তিন সহযোগীকেও আটক করা হয়।"

আটক অপর তিনজন হলেন- ওমর ফারুক, তানভীর হোসেন ও আবুল হোসেন।

Image
একরামুল হক (ফাইল ছবি)

একরামুল হক (ফাইল ছবি)

শামীমসহ আটক অপর তিনজনকে ফেনী মডেল থানা পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব।

আওয়ামী লীগ নেতা একরামকে গত ২০ মে ফেনী শহরে গাড়িতে প্রথমে গুলি করে, পরে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়।

হত্যার পর নিহতের ভাই রেজাউল হক জসিম বাদি হয়ে বিএনপি নেতা মাহাতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনারের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা করে।

হত্যার একশ' দিন পর ৫৬ জনকে আসামি করে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। আর এ হত্যাকাণ্ডে এখন পর্যন্ত পুলিশ ও র‌্যাব ৩৪ জনকে গ্রেপ্তার করে, যার মধ্যে ২৯ জনের নামই অভিযোগপত্রে রয়েছে।

এদের মধ্যে ১৬ জন আসামি হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

শামীমকে গ্রেপ্তারের পর হত্যার সঙ্গে জড়িত জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির আদেল, যুবলীগ নেতা জিয়াউল আলম মিষ্টারসহ পলাতক রয়েছেন আরও ২৬ জন।