দুই মাসেও উদ্ধার হয়নি নিখোঁজ কলেজছাত্রী রিয়ানা
রাজশাহীতে নিখোঁজের দুইমাস পরও এক কলেজ ছাত্রী উদ্ধারে ব্যর্থ হওয়ায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ জানিয়ে গণঅনশন কর্মসূচি করেছে নানা শ্রেণি-পেশার মানুষ।
শনিবার কলেজ ছাত্রী সিরদাতুল মুনতাহা রিয়ানাকে উদ্ধারের দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে 'রাজশাহীবাসী'র ব্যানারে নগরীর ভুবনমোহন পার্কের শহীদ মিনারে এই গণঅনশন কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি চলার সময় বক্তারা অভিযোগ করে বলেন, রিয়ানা নিখোঁজের পর তাকে উদ্ধারে দুই মাস নানা আন্দোলন করা হলেও পুলিশ প্রশাসন বিষয়টি আমলে নিচ্ছে না।
অনশন কর্মসূচি থেকে কলেজছাত্রী রিয়ানাকে উদ্ধারে পুলিশের ব্যর্থতায় চরম উদ্বেগ প্রকাশ করেন বাংলাদেশের ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা।
তিনি দলমত নির্বিশেষে বিভিন্ন পেশাজীবী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী মহল অংশ নিয়ে অবিলম্বে রিয়ানাকে উদ্ধারের দাবি জানান।
অনশন চলাকালীন অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, স্থানীয় সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, ভাষা সৈনিক মোসাররফ হোসেন আকুঞ্জি, মহিলা পরিষদের রাজশাহী শাখার সভাপতি আবেদা রায়হান বুলি প্রমুখ।
