বরগুনায় বাঁধ ধসে তিন গ্রাম প্লাবিত
পায়রা নদীতে অস্বাভাবিক জোয়ার এবং তীব্র স্রোতে বাঁধ ভেঙে বরগুনার আমতলী উপজেলার তিনটি গ্রাম প্লাবিত হয়েছে।
শুক্রবার গভীর রাতে উপজেলার বৈঠাকাটা গ্রামে বেড়ি বাঁধ ভেঙে পাশের এই তিন গ্রাম প্লাবিত হয় বলে জানিয়েছেন স্থানীয় চাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান ।
তিনি জানান, প্রতি জোয়ারেই এলাকার আমন ফসলসহ জমি, ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান প্রায় তিন থেকে সাড়ে তিন ফুট পানির নিচে তলিয়ে যাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বাদল বলেন, "শুক্রবার রাতের জোয়ারে বৈঠাকাটা গ্রামের পানি উন্নয়ন বোর্ডের বাঁধের প্রায় ৬০ ফুট জায়গা ধসে গেছে। ফলে বৈঠাকাটা, কালিবাড়ি ও ঘটখালী গ্রামে পায়রা নদীর পানি ঢুকে প্লাবিত হচ্ছে।
"জোয়ারের পানি ঢুকে আমন ফসল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দ্রুত বাঁধ মেরামতের পদক্ষেপ গ্রহণ করা দরকার।"
বরগুনা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী গাজী নুর মোহাম্মদ রিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই মুহূর্তে বাঁধ মেরামতের সুযোগ নেই। ওই স্থানে নতুন বাঁধ নির্মাণে ইতোমধ্যে টেন্ডার আহ্বান করা হয়েছে।"
