বিমানের হজফ্লাইট: তৃতীয় দিনে ‘স্বস্তি’
পরপর দুই দিন রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানের ফিরতি হজ ফ্লাইটে ‘গড়বড়’ হলেও তৃতীয় দিনে সঠিক সময়েই হাজিরা ফিরেছেন বলে দাবি করেছে জেদ্দা হজ মিশন।
তারা বলছে, হাজিরা সময়মত বিমানবন্দরে না পৌঁছায় সমস্যা হয়েছিল, সে সমস্যা কেটে গেছে।
মিশনের হজ কর্মকর্তা ফয়জুর রহমান ফারুকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মূলত প্রথম দুই দিন হাজিদের চাপ একটু বেশি ছিল, এ কারণে হজ যাত্রীদের পরিবহনে নিযুক্ত গাড়িগুলো সময়মত বিমানবন্দরে পৌঁছাতে পারেনি।”
“বিমানবন্দরে ইমিগ্রেশন ছাড়পত্র পাওয়ার জন্য আগে থেকে স্লট দেওয়া থাকে। সময়মত না পৌঁছানোর কারণে স্লটগুলো রিঅরগানাইজ করতে হয়েছে। ইমিগ্রেশন ক্লিয়ারেন্স পেতে সময় লেগেছে। এ কারণে হাজিদের ফ্লাইটগুলো দেরিতে ছেড়ে গেছে।”
তবে ফিরতি হজ ফ্লাইটের তৃতীয় দিন শনিবার এ ধরনের সমস্যা হয়নি বলে দাবি করেন তিনি।
গত বৃহস্পতিবার ফিরতি হজ ফ্লাইট শুরুর দিনই যাত্রীদের নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছে দিতে ব্যর্থতার পরিচয় দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানের প্রথম ফ্লাইটটি ঢাকায় পৌঁছে নির্ধারিত সময়ের চার ঘন্টা পর।
দ্বিতীয় দিন শুক্রবারও দিনের প্রথম ফ্লাইট পৌঁছাতে অতিরিক্ত সময় নেয় ছয় ঘণ্টা।
অবশ্য বিমানের হজ যাত্রীরা ভোগান্তিতে ভোগান্তিতে পড়লেও হজযাত্রী বহনকারী অন্য দুই বিমান সংস্থা সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স এবং নাস এয়ারের যাত্রীরা এ ধরনের কোন সমস্যায় পড়েননি।
হজ কর্মকর্তা ফয়জুর বলেন, “প্রথম দুই দিন সমস্যা হয়েছে। এখন কিন্তু পরিস্থিতি স্বাভাবিক। আজ (শনিবার) এ ধরনের কোন সমস্যার কথা আমরা জানতে পারিনি। আশা করি আর কোন সমস্যা হবে না।”
হাজিদের সুবিধার জন্য ফ্লাইটের ২৪ ঘণ্টা আগে ‘সিটি চেকিংয়ের’ মাধ্যমে লাগেজ সংগ্রহ করা হচ্ছে বলেও জানান তিনি।
সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একজন মুখপাত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন পর্যন্ত আমাদের সবগুলো ফ্লাইট অনটাইমে রয়েছে। কোন সমস্যার বিষয়ে অভিযোগ পাইনি।”
বিমানের জনসংযোগ বিভাগের সহকারী ব্যাবস্থাপক তাসনিম আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মূলত ইমিগ্রেশন ছাড়পত্র পেতে হাজিদের সময় লাগায় এ সমস্যা হয়েছিল। শনিবার থেকে কোন সমস্যা নেই।”
ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যাবস্থাপনার ওয়েবসাইটের তথ্য অনুসারে শনিবার সকাল ১১টা ৩৫ মিনিট এবং বিকাল ৩টা ৩৫ মিনিটে বিমানের দুটি ফ্লাইটে মোট ৮৩৮ জন হজ যাত্রী ঢাকায় পৌঁছেছেন।
শনিবার জেদ্দা স্থানীয় সময় সকাল ৮টা ৩৫ মিনিটে বিমানের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। সন্ধ্যা ৭টা ৫০মিনিটে এটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরনের কথা।
এছাড়াও জেদ্দা স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা, বিকাল ৫টা ৩৫ এবং রাত ৯টায় বিমানের আরও তিনটি ফ্লাইট হজ যাত্রীদের নিয়ে রওয়ানা হওয়ার কথা রয়েছে।
হজ শেষে ৪১৬ জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইট ঢাকা পৌঁছেছে চার ঘণ্টা দেরিতে। ছবি:বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
চলতি বছর সারা বিশ্বের ২০ লাখের বেশি মুসলমান সৌদি আরবে হজ পালন করেন, যার মধ্যে প্রায় এক লাখ বাংলাদেশি। বাংলাদেশে ঈদের আগের দিন ৫ অক্টোবর হজের আনুষ্ঠানিকতা শেষ হয়।
এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দেড় হাজার এবং বেসরকারিভাবে সাড়ে ৯৭ হাজার জন হজে যান।
গত ২৭ আগস্ট বিমানের হজ ফ্লাইট কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ ও সৌদি আরব সরকারের চুক্তি অনুসারে বিমান ৫০ শতাংশ এবং সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স ও নাস এয়ার ৫০ শতাংশ যাত্রী পরিবহন করছে।
