২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরসরাইয়ে হরতাল স্থগিত

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আদিল মাহমুদ চৌধুরীকে হত্যার প্রতিবাদে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিএনপির ডাকা রোববারের হরতাল স্থগিত করেছে বিএনপি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2014, 04:49 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

আদিল হত্যাকাণ্ডের মামলার এক আসামিকে পুলিশ গ্রেপ্তার করার পর শনিবার কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আমিন।

আদিলকে বৃহস্পতিবার রাতে কুপিয়ে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের জন্য ছাত্রলীগকে দায়ী করে এরপর রোববার দিনব্যাপী হরতালের ঘোষণা দেওয়া হয়।

বিএনপি নেতা নুরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার সন্ধ্যার মধ্যে আসামি গ্রেপ্তার না হলে রোববার উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছিলেন তারা।

“শনিবার দুপুরে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে। একজন আসামি গ্রেপ্তার হয়েছে। তাই হরতাল স্থগিত করেছি।”

আগামী ৭২ ঘণ্টার মধ্যে সব আসামিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিএনপি। “তা না হলে মঙ্গলবার আবার সিদ্ধান্ত নেব, হরতাল হবে কি হবে না,” বলেন নুরুল আমিন।  

শনিবার সকালে হত্যামামলার আসামি ইয়াসিন চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। মিরসরাই থানার ওসি ইমতিয়াজ ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইয়াসিন নিহত আদিল চৌধুরীর আত্মীয়।

জমি নিয়ে পারিবারিক বিরোধ থেকে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ বলছে।

এ ঘটনায় ১৬ জনকে আসামি করে মামলা করেছে নিহতের পরিবার।