২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ পেল বিএনএস ওসমান

বাংলাদেশ নৌবাহিনীর প্রথম মিসাইল ফ্রিগেট বিএনএস ওসমানকে ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ সম্মাননা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2014, 04:44 PM

Updated : 25 Apr 2022, 04:48 PM

শনিবার সকালে চট্টগ্রামে নৌবাহিনীর বানৌজা ঈশা খাঁ ঘাটিতে এক অনুষ্ঠানে এই সম্মাননা গ্রহণ করেন বিএনএস ওসমানের কমান্ডিং অফিসার ক্যাপ্টেন আমিনুল ইসলাম খান।

নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিবের উপস্থিতিতে অনুষ্ঠানে জানানো হয়, ১৯৮৯ সালের ৪ নভেম্বর নৌবাহিনীর বহরে যুক্ত হওয়া বিএনএস ওসমান ২৫ বছর ধরে আর্ন্তজাতিক পরিমণ্ডল ও দেশের সমুদ্রসীমায় সফলভাবে দায়িত্ব পালন করায় এ সম্মাননা দেয়া হল।

বিএনএস ওসমান ২০১০ সালের ১০ মে থেকে প্রায় চার বছর জাতিসংঘের ইন্টেরিম ফোর্সের হয়ে লেবানন মেরিটাইম টাস্কফোর্সের অন্যতম জাহাজ হিসেবে ভূ-মধ্য সাগরে দায়িত্ব পালন করে।

২০১৪ সালের ১৪ অগাস্ট ফ্রিগেটটি বাংলাদেশে ফিরে আসে। গত চার বছরে বিদেশে দায়িত্ব পালনের সময় এটি প্রায় ৪৩০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করে।