গোপালগঞ্জে হাট নিয়ে সংঘর্ষে আহত ১৩, বসতঘর ভাঙচুর
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় নতুন হাট বসা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে নাসির উদ্দিন, রাজ্জাক শেখ, বাবুল শেখ, ইকবাল শেখ, ইছাক শেখ, তাপস মোল্লা, নূর ইসলাম মীর, আল আমিন মুন্সি ও পাখি মুন্সিসহ ১৩ জন কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎ]সাধীন আছেন।
আখের মুন্সিকে প্রথমে সেখানে নিলেও পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসি মনিরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংঘর্ষের সময় বাজারের দোকানসহ ৫০টি বসতঘর ভাংচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩০ রাউন্ড রাবার বুলেট ছুড়ে এবং ২১ জনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
স্থানীয়দের উদ্ধৃত করে তিনি বলেন, সম্প্রতি মাজড়া পূর্বপাড়া গ্রামের পাট ব্যবসায়ী জালাল মোল্লা মাজরা প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি নতুন হাট বসায়। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ও পশ্চিমপাড়া গ্রামের ফায়েকুজ্জামান শেখ এর বিরোধিতা করে আসছিলেন। তার সমর্থকরা নতুন হাটে না গিয়ে পুরান হাটেই কেনাকাটা করতো।
ফায়েকের লোকজনকে নতুন হাটে আসতে বাধ্য করতে জালালের লোকজন বিভিন্নভাবে চাপ দিতে থাকে। এক পর্যায়ে শুক্রবার সন্ধ্যায় জালালের লোকজন ফায়েকুজ্জামন শেখের এক সমর্থককে মারধর করে।
এর জের ধরে শনিবার সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় নতুন হাটের দোকানপাটসহ ৫০টি বসতঘর ভাংচুর করা হয়।
