শান্তিতে নোবেলজয়ী দুজনকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ায় পাকিস্তানের মালালা ইউসুফজাই এবং ভারতের কৈলাস সত্যার্থীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।
এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী, অকুতোভয় সাহসী মালালা জীবন বাজি রেখে পাকিস্তানের তালেবান প্রভাবিত সোয়াত উপত্যকায় নারী শিক্ষার আলো জ্বালিয়েছেন। আর ভারতের মধ্যপ্রদেশে জন্মগ্রহণকারী কৈলাস সত্যার্থী দরিদ্র পরিবারের অসহায় শিশুদের অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন যাবৎ নিরবে সংগ্রাম করে গেছেন।”
শিশু ও তরুণদের অধিকার আদায়ের সংগ্রামে অবদানের স্বীকৃতিস্বরূপ নোবেল পুরস্কার পাচ্ছেন তালেবানদের হামলায় বেঁচে যাওয়া পাকিস্তানি কিশোরী মালালা ইউসুফজাই এবং ভারতের শিশু অধিকারকর্মী কৈলাস সত্যার্থী।
নরওয়ের নোবেল কমিটির চেয়ারম্যান থরবিয়ন জাগল্যান্ড শুক্রবার এক সংবাদ সম্মেলনে চলতি বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য যৌথভাবে তাদের নাম ঘোষণা করেন।
১৭ বছর বয়সী মালালা ইতিহাসের সর্বকনিষ্ঠ নোবেলজয়ী, যিনি মেয়েদের শিক্ষা বন্ধ করে দেয়ার প্রতিবাদ করে তালেবান হামলার মুখে পড়েন এবং গুলিবিদ্ধ হয়েও বেঁচে ফিরে এসে নারী শিক্ষার জন্যই কাজ করে চলেছেন।
ফাইল ছবি
আর ৬০ বছর বয়সী কৈলাস গত দুই দশকেরও বেশি সময় ধরে ভারতে শিশু শ্রমের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছেন, গড়ে তুলেছেন ‘বাচপান বাঁচাও’ আন্দোলন।
প্রধানমন্ত্রী বলেন, “এ অর্জন তাঁদের উভয়কেই বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আরও সাহসী ও নিবেদিত করবে। পাশাপাশি এই উপমহাদেশের মানুষকে জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতা মোকাবিলার মাধ্যমে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় আরও সাহসী করে তুলবে।”
প্রধানমন্ত্রী মালালা ইউসুফজাই এবং কৈলাস সত্যার্থীর দীর্ঘজীবন, সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
