গোলাম আযমের অবস্থা অপরিবর্তিত
দুইদিন ধরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন গোলাম আযমের অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষ।
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু সাজাপ্রাপ্ত এই যুদ্ধাপরাধী হাসপাতালের প্রিজন সেলেই সাজা ভোগ করছিলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মজিদ ভূইয়া শুক্রবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার (গোলাম আযম ) সার্বিক অবস্থা ভাল না। তবে এখন নিয়ন্ত্রণে রয়েছে।”
কিডনিতে সমস্যা দেখা দিলে গত বৃহস্পতিবার বিকালে তাকে হাসপাতালের সিসিইউতে নেওয়া হয়।
গোলাম আযমের ছেলে আব্দুল্লাহহেল আমান আজমী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার বাবার শরীরের অবস্থা আগের চেয়ে বেশ দুর্বল। তবে শুক্রবার দুপুরে খিচুড়ি, মাগুর মাছ এবং বিকালে স্যুপ খেয়েছেন।
শুক্রবার সকালে তার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে জানিয়ে আজমী বলেন, সেই বোর্ডর অধীনেই চিকিৎসা চলছে।এর আগেও গতমাসে তাকে বেশ কয়েকদিন সিসিইউতে রাখা হয়েছিল।
পরিচালক আব্দুল মজিদ ভুইয়া জানান, খাওয়া দাওয়া করলেও তার সার্বিক অবস্থা খুব একটা ভাল না।
একাত্তরের যুদ্ধাপরাধের জন্য ৯০ বছর বয়সী গোলাম আযমকে আমৃত্যু কারাদণ্ডের রায় গত বছর দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রায়ে বলা হয়, তার অপরাধের শাস্তি মৃত্যুদণ্ডসম হলেও বয়স বিবেচনায় তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
