ফেরার পথে ‘স্বস্তি’
ঈদ শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে গ্রামের বাড়িতে যাওয়া মানুষজন।
ঈদের ছুটি বুধবার শেষ হলেও স্বজনদের সান্নিধ্যে আরেকটু বেশি সময় কাটাতে মাঝখানের দুইদিন ছুটি নিয়েছিলেন অনেকে।
তবে রুজি রোজগারের টানে ঢাকায় ফিরতে শুরু করেছেন বেশিরভাগ কর্মজীবী। তাই শুক্রবার মানুষের চাপ ছিল নগরীর বাস, লঞ্চ টার্মিনাল ও রেলস্টেশনে।
অনেকেই বলেছেন, বাড়ি যাওয়ার সময়ে যে যানজট ও ভোগান্তি হয়েছে, ফিরতি পথে তার কোনোটাই তাদের অভিজ্ঞতা হয়নি।
ইউনিক পরিবহনের একটি বাসে চট্টগ্রাম থেকে শুক্রবার ভোরে ঢাকায় আসেন রহমান ও তার পরিবার।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুরো পথে কোথাও একটু যানজটে পড়তে হয়নি। অথচ যাওয়ার পথে কী কষ্টই না করতে হয়েছে!”
চট্টগ্রাম থেকে সৌদিয়া পরিবহনের একটি বাসে ঢাকায় আসা মো. সোহাগও বললেন একই কথা।
ইউনিক পরিবহনের ব্যবস্থাপক আব্দুল হক বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, “গতরাতে চট্টগ্রাম থেকে সাতটি ও কক্সবাজার থেকে সাতটি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। সবকয়টি বাস ভোরে যথাসময়ে ঢাকায় এসে পৌঁছে।”
তিনি জানান, সিলেট থেকেও তাদের কয়েকটি বাস রাতে ছাড়ার পর ঢাকায় যথাসময়ে পৌঁছেছে।
যানজট না থাকলেও ঢাকায় ফিরতে চাওয়া অনেকেই পাচ্ছেন না বাসের টিকেট, এমন অভিযোগও শোনা গেল ফিরে আসাদের কণ্ঠে।
এ ব্যাপারে এনায়েত উল্লাহ বলেন, “হ্যাঁ, ঢাকাগামী অনেক চাপ রয়েছে। অনেকে টিকেট না পেয়ে আমাকেই তার জন্য ফোন দিচ্ছেন।”
উপচেপড়া ভিড় না দেখা গেলেও লঞ্চ দিয়ে বিপুল সংখ্যক যাত্রী শুক্রবার ঢাকায় ফিরেছেন বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা।
বরিশাল থেকে বিআইডব্লিউটিএ’র পরিবহন পরিদর্শক (টিআই) মো. সোলায়মান টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার সন্ধ্যায় ও রাতে বরিশাল থেকে বেশ কয়েকটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। সেগুলোতে যাত্রী ঠাসা না থাকলেও মোটামুটি ভর্তিই ছিল। ঈদের আগের মতো এখন ততোটা যাত্রীর চাপ নেই।”
তবে চাঁদপুর থেকে ‘রফ রফ’ লঞ্চে করে ঢাকায় ফেরা কামাল উদ্দিন টিটু বিডিনিউজ টোয়েনিটফোর ডটকমকে বলেন, “দুই সন্তান, স্ত্রী ও বৃদ্ধ বাবা-মাকে নিয়ে ঢাকায় আসার কথা ছিল। কিন্তু প্রচণ্ড যাত্রীর চাপে বাবা-মাকে সাথে নিয়ে আসিনি।”
ঈগল লঞ্চের ব্যবস্থাপক মো. সোলায়মান মুন্সী বলেন, “শুক্রবার চাঁদপুর থেকে ঈগল-৩ ও ২ লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। আজ (শুক্রবার) কিছু যাত্রী পাওয়া যাচ্ছে।”
এদিকে ট্রেনে যাত্রী সংখ্যা বেশি হলেও ‘ঠিক সময়মত’ এবং ‘ভোগান্তি’ ছাড়াই মানুষ ঢাকায় আসতে পারছেন বলে জানিয়েছেন কমলাপুর রেলওয়ের ট্রাফিক পরিদর্শক হুমায়ূন কবির।
তিনি বলেন, “ট্রেন আসতে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে কোনো সিডিউল বিপর্যয় নেই।”
