২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার ২ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিখোঁজ ১৩ দিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ১৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন।

ঠাকুরগাঁও প্রতিনিধি

আলী আহসান হাবিব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2014, 09:47 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

তাদের পরিবার ও পুলিশ জানায়, গত ২৭ সেপ্টেম্বর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের কামরুজ্জামান টুটুল (২০) ও ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের নুরুজ্জামান আরিফ (২১) নিখোঁজ রয়েছেন।

ঈদ ও পূজার ছুটির মধ্যেই ঢাকার বিভিন্ন হাসপাতাল, জেলখানাসহ নানা জায়গায় পরিবারের লোকজন তাদের সন্ধান চালান।

অপহরণেরও কোনো আলামত পাননি দুই পরিবারের কেউ। সন্তানদের খোঁজ না পেয়ে দুই পরিবারের উদ্বিগ্ন স্বজনেরা দিশেহারা হয়ে পড়েছেন।

Image
কামরুজ্জামান টুটুল

কামরুজ্জামান টুটুল

টুটুলের বাবা আব্দুল কাইয়ুম ও আরিফের বাবা আবু তালেব জানান, তাদের দুজনরেই বাসা ঠাকুরগাঁও পৌর শহরের ইসলাম নগর এলাকায়। টুটুল ও আরিফ ঢাকার মোহাম্মদপুর এলাকায় একটি মেসে থেকে পড়াশোনা করেন।

গত ২৯ সেপ্টেম্বর তাদের দুজনের বাড়ি আসার কথা ছিল। কিন্তু গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে তাদের দুজনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

আরিফ ও টুটুলের সহপাঠী ও অন্যান্য আত্মীয় পরিজনরাও তাদের কোনো খোঁজ দিতে পারেনি।

গত ২৮ সেপ্টেম্বর এ বিষয়ে আরিফের বাবা আবু তালেব মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশের ওসি রুহুল আমিন জানান, ঢাকার বিভিন্ন গোয়েন্দা দপ্তরে খোঁজ নিয়ে জানা গেছে এ নামে তারা কোনো শিক্ষার্থীকে আটক করেনি।

ঢাকায় র‌্যাব-০২ এর কন্ট্রোল রুমে মোহাম্মদপুর থানার সাধারণ ডায়েরির কপি দেয়া হয়েছে বলে জানান টুটুলের ভাই জাকির হোসেন।

ঠাকুরগাঁওয়ের সহকারী পুলিশ সুপার নাঈমুল ইসলাম নাঈম জানান, তিনি বিষয়টি শুনেছেন। তাদের খোঁজে চেষ্টা অব্যাহত আছে।