নিজ কারণেই বিএনপি গুরুত্বহীন হচ্ছে: মন্ত্রী কাদের
‘ইস্যু’ বুঝতে না পারার কারণে বিএনপি রাজনৈতিকভাবে গুরুত্বহীন হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার বিকেলে সাভারের আশুলিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “নন ইস্যুকে ইস্যু করে আন্দোলনে নেমেই বিএনপি রাজনৈতিকভাবে গুরুত্বহীন হয়ে পড়েছে।”
সড়ক ও জনপথ বিভাগের অসমাপ্ত একটি সেতুর কাজের উদ্বোধন করতে আশুলিয়ার নলামে গিয়েছিলেন কাদের।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ইঙ্গিত করে কাদের বলেন, “লন্ডনে বসে ‘শব্দবোমা’ ফাটিয়ে বাংলাদেশে আন্দোলন হবে না। আন্দোলন করতে হলে সাহস করে ঢাকায় এসে ঘোষণা দিতে হবে।”
এক প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর প্রসঙ্গেও কথা বলেন তিনি।
দলের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, তার বিরুদ্ধে কঠোর ‘ডিসিপ্লিনারি’ ব্যবস্থা নেওয়া হবে।
“প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোববার দলের নীতি নির্ধারণী সভায় আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। দলের নীতি ও আর্দশের বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্যক্তি- সে যত বড় আর প্রভাবশালীই হোন না কেন তাকে দলে রাখা হবে না।”
যারা দলে থেকেও বেফাঁস ও কুরুচিপূর্ণ মন্তব্য করছেন লতিফ সিদ্দিকী তাদের জন্যে বড় সর্তকর্তা বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত ওই সেতুটি উদ্বোধনের সময় মন্ত্রীর সঙ্গে স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমানসহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
