২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসের টিকিট নেই, বেনাপোলে যাত্রীরা বিপাকে

বেনাপোল থেকে ঢাকাগামী বাসের সব টিকিট অগ্রিম বিক্রি হয়ে যাওয়ায় ভারত থেকে আসা যাত্রীসহ ঈদের পর রাজধানীমুখী মানুষ দুর্ভোগে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আসাদুজ্জামান আসাদ বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2014, 08:30 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

এ অবস্থা অন্তত ১৩ অক্টোবর পর্যন্ত চলবে বলে সংশ্লিষ্টরা জানান।

শুক্রবার বেনাপোলের বিভিন্ন কাউন্টার ঘুরে দেখা যায়, ঢাকামুখী শত শত যাত্রী বাসের টিকিট না পেয়ে বিকল্প উপায় খুঁজছেন। কেউ মাইক্রোবাস, কেউবা প্রাইভেট কার নিয়ে ঢাকা রওয়ানা হওয়ার চেষ্টা করছেন।

প্রতিদিন বেনাপোল থেকে ঢাকা ও চট্টগ্রামের উদ্দেশে ৬৫টি বাস ছেড়ে যায় বলে পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সোহাগ পরিবহনের বেনাপোল কাউন্টারের ব্যবস্থাপক সহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হঠাৎ যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় অনেক যাত্রী বাসের টিকিট না পেয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে মাইক্রোবাস ও প্রাইভেটকার রিজার্ভ করে ঢাকা যাচ্ছেন।

অপরদিকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকামুখী বাসগুলোরও টিকিট পাওয়া যাচ্ছে না।

শার্শার বাগআচড়ার ‘সোহাগ পরিবহনের’ কাউন্টার ব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম, ‘সাতক্ষীরা এক্সপেসের’ নাভারন কাউন্টার ব্যবস্থাপক সহিদুল ইসলাম, ‘এসপি গোল্ডেন লাইনের’ জামতলা কাউন্টার ব্যবস্থাপক শাহাবুদ্দিন মোল্লা এবং ‘একে ট্রাভেলস’ এর আনোয়ার হোসেন বিদ্যুতের সঙ্গে শুক্রবার কথা হয়।

তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঈদের আগে থেকে বুকিং দিয়ে রাখায় ১৩ তারিখের আগের কোনো টিকিট তাদের হাতে নেই।

কেউ বুকিং বাতিল করলে সে টিকিট অন্যকে বিক্রি করতে পারছেন বলে তারা জানান।

শুক্রবার বেনাপোলে ঈগল পরিবহনের কাউন্টারে ভারত থেকে আসা যাত্রী  চট্টগ্রামের আর্শিনী দাস ও তার স্ত্রী সুমিত্রা দেবী জানান, তারা সকালে ভারত থেকে দেশে ফিরেছেন, কিন্ত টিকিট না পাওয়ায় বাড়ি ফিরতে পারছেন না।

তারা অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন বলে জানান।

একই সমস্যায় পড়েছেন বলে জানান ভারত থেকে আসা বিশ্বনাথ মন্ডল, শামীম আহম্মেদ ও তার স্ত্রী মৌসুমি আক্তার।

ঢাকার ডেমরার বিশ্বনাথ মন্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বহুবার বেনাপোল দিয়ে ভারত আসা-যাওয়া করেছি, কিন্তু বেনাপোলে এসে এমন সমস্যায় কখনও পড়িনি। সবগুলো কাউন্টার ঘুরেছি কোথাও টিকিট পেলাম না।”

ঢাকার আল-মামুন গ্রুপ অব কোম্পানিতে কাজ করেন প্রকৌশলী শার্শার এস এম শাহিন। রোববার তার অফিস খোলা।

শনিবার পর্যন্ত টিকিট না পেয়ে বিকল্প রাস্তায় ঢাকায় যাচ্ছেন বলে তিনি জানান।

শার্শার জামতলা এলাকার ফজলুর রহমান ঢাকার একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন।

তিনি বলেন, “ঢাকার ওই যান্ত্রিক জীবন ছেড়ে একটু স্বস্তির নিশ্বাস ফেলার জন্যই ঈদের ছুটিতে গ্রামে এসেছিলাম। কিন্তু দুদিন ঘুরেও কোনো টিকিট পাইনি। তার পরও ফিরতে হবে কর্মস্থলে। তাই মাইক্রোবাস রিজার্ভ করতে বাধ্য হচ্ছি।”

এদিকে ঈদের অজুহাত দেখিয়ে বাস কোম্পানিগুলো অতিরিক্ত ভাড়া আদায় করচে বলে যাত্রীরা অভিযোগ করেছেন।

এ ব্যাপারে  জানতে চাইলে শুক্রবার ‘ঈগল পরিবহনের’ বেনাপোল অফিসের ব্যবস্থাপক এম আর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখন ঢাকা থেকে খালি গাড়ি নিয়ে আসতে হচ্ছে। তবু অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না, সরকার নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে।

তার দাবি, এতদিন সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে ৭০ টাকা কম নেওয়া হতো। এখন ওই টাকা কম নেয়া হচ্ছে না। তাই ৭০ টাকা বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ করছে যাত্রীরা।

আগামী ১৩ অক্টোবর পর্যন্ত সকল টিকিটি বিক্রি হয়ে গেছে বলে তিনি জানান।

বেনাপোল ‘হানিফ এন্টারপ্রাইজের’ ব্যবস্থাপক সিরাজুল ইসলাম জানান, “তুলনামূলকভাবে ভাড়া বাড়ানো হয়নি। বর্তমানে তেলের মূল্য, ফেরি ভাড়া বৃদ্ধি হয়েছে। তারপরও ঢাকা থেকে এখন খালি গাড়ি আসছে বিধায় পূর্বে নেওয়া ভাড়ার চেয়ে টিকিটপ্রতি ৭০ টাকা বেশি নেওয়া হচ্ছে। এটা চলবে ২০ অক্টোবর পর্যন্ত।”