পাবনায় অটোরিকশা চালকের লাশ উদ্ধার
পাবনার সাঁথিয়া উপজেলায় নিখোঁজের দুই দিন পর এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার পাগলা গ্রামের একটি বাঁশ ঝাড়ে রাসেল শেখের (২৩) লাশ পাওয়া যায়। তিনি সুজানগর উপজেলার দুলাই গ্রামের দুলাল শেখের ছেলে।
এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।
সাথিয়া থানার ওসি শাহিদ মাহমুদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে স্থানীয়রা পাগলা গ্রামের একটি বাঁশ ঝাড়ে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতের গলায় শার্ট পেঁচানো ছিল। তাকে শ্বাসরোধ করে হত্যার পর বাঁশ ঝাড়ে ফেলে রাখা হয় বলে ধারণা করা হচ্ছে।
পরিবারের বরাত দিয়ে সুজানগর থানার ওসি হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাসেল গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন। তার পরিবার থানায় অভিযোগ দিলে ওই দিনই সুজানগর বাজার থেকে চালকহীন অবস্থায় অটোরিকশাটি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার রাতে দুলাই গ্রামে অভিযান চালিয়ে আব্দুস সামাদ, আশরাফ আলী, আব্দুল্লাহ নামের ৩ জনকে এ ঘটনায় জড়িত সন্দেহ আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
