মৌচাকে ভবনে অগ্নিকাণ্ড
রাজধানীর মৌচাক এলাকায় একটি ভবনে আগুন লেগে একটি হোমিও ক্লিনিক ও একটি কোচিং সেন্টারের আসবাবপত্র পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত অপারেটর শাহজাদী সুলতানা জানান, শুক্রবার দুপুর ১টা ৩৫ মিনিটে লিলি প্লাজা নামের পাঁচতলা ওই ভবনের তৃতীয় তলায় আগুন লাগে।
খিলগাঁও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
আগুনে একটি হোমিও হলের একটি কক্ষ এবং পাশের কোচিং সেন্টারের আসবাবপত্র পুড়ে গেছে। তবে কেউ আহত হননি।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা।
